

আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপির হয়ে রাজ্যে একাধিক সভা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সব সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার আইন-শৃঙ্খলা এবং মহিলাদের সুরক্ষার বেহাল দশা নিয়ে প্রশ্ন তোলেন যোগী। পাশাপাশি, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার নীতি প্রয়োগের কথা বলেন তিনি। এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও।
যেখানে দ্রুতগতির একটি গাড়ি থেকে এক মহিলাকে ছিটকে রাস্তা উপরে পড়তে এবং গড়িয়ে ফুটপথের উপরে উঠে যেতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন বিজেপি শাসিত উত্তর প্রদেশে একজন মহিলাকে গণধর্ষণের পর তার দেহ চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “বিজেপি শাসিত যোগী রাজ্য উত্তর প্রদেশ। আরও একটি দিন , আরও একটি গণধর্ষণ ! পানিহাটির বিজেপির প্রার্থী রত্না দেবনাথ শুনছেন ??? #BJPHataoDeshBachao #NoVoteToBJP।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশের তো নয়ই, এমনকি সেটি ভারতেরও নয়। বরং এটি ২০২৬ সালের ২৮ মার্চ ব্রাজিলের মাকাপার ঘটনা।
সত্য উন্মোচন
ভাইরাল দাবি এবং ভিডিও-র সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম সংগ্রহ করে সেগুলি নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ২৯ মার্চ ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম Gazeta do Amapá-র অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিও-র ক্যাপশন থেকে জানা যায়, সেটি ব্রাজিলের মাকাপা প্রদেশের পাভোকাল এলাকায় এক মহিলাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলার দৃশ্য। PORTAL 1NORTE নামক অপর এক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে এই একই ভিডিও শেয়ার করে উল্লেখ করা হয়েছে, মাকাপার উত্তর অঞ্চলের পাকোভাল এলাকায় একজন মহিলা একটি চলন্ত গাড়ি থেকে পড়ে যান।

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৬ সালের ৩০ মার্চ ভাইরাল ভিডিও-র স্ক্রিনশট-সহ ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম SelesNafes-তে এই সংক্রান্ত বিস্তারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাজিলের মাকাপা প্রদেশের পাভোকাল এলাকায় এক মহিলাকে একটি গাড়ি থেকে ছিটকে পড়ার একটি ভিডিও সামনে এসেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, গাড়ির চালকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে গাড়ির ভিতরেই ওই মহিলার বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যয়ে মহিলা চালককে হুমকি দেন যে তিনি গাড়ি থেকে লাফ দেবেন। তখন চালক তাকে যা ইচ্ছা তাই করতে বলেন। তখন ওই মহিলা রেগে গিয়ে নিজেই চলন্ত গাড়ির দরজা খুলে গাড়ি থেকে ঝাপ দেন। তখন পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ গাড়ির চালককে আটক করে। পাশাপাশি, ওই মহিলা যে নিজেই গাড়ি থেকে ঝাপ দিয়েছিলেন সেই বিষয়টি পুলিশকে নিশ্চিত করেন অক্রান্ত মহিলা নিজে এবং গাড়ির চালক-সহ সেই সময় গাড়িতে থাকা ওই মহিলার দাদা ও বৌদি।

এর থেকে প্রমাণ হয় যে, যোগীর রাজ্য উত্তর প্রদেশে মহিলাকে গণধর্ষণের পর দেহ চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে দাবি করে শেয়ার করা হচ্ছে ব্রাজিলের অসম্পর্কিত ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন বিজেপি শাসিত উত্তর প্রদেশে একজন মহিলাকে গণধর্ষণের পর তার দেহ চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা।
ভাইরাল ভিডিওটি উত্তর প্রদেশের তো নয়ই, এমনকি সেটি ভারতেরও নয়। বরং এটি ২০২৬ সালের ২৮ মার্চ ব্রাজিলের মাকাপার ঘটনা।