

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যেখানে বিয়ের সাজে দু’জন পাত্র-পাত্রীকে দেখা যাচ্ছে। ছবিটিতে পাত্র ভারতীয় রীতি অনুযায়ী পাজামা-পাঞ্জাবি পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন। কিন্তু এই ছবির উল্লেখযোগ্য বিষয় হল কনের পোশাক। কারণ তাকে সেখানে হলুদ বিকিনি এবং চুন্নি পরা অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সামাজের সকল বাধ্যবাধকতা উপেক্ষা করে লাখনউতে বিকিনি পরে বিয়ে করেছেন এক যুবতী।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে লিখেছেন, “ইমিটেশন গয়না'কে বলে বলে ৬৯ গোল মেরে বেনারসি বিকিনি পরে বিয়ে করে কোলকাতাকে ১০৮ মাইল পেছনে ফেলে দিল লখনউ। ছেলেটা অবশ্য যথেষ্ট বৈপ্লবিক নয় বলে কোলাপুরি জাঙিয়া পরে বিয়ের আসরে হাজির হতে পারেনি।” (সব বানান অপরিবর্তিত।) পাশাপাশি তিনি ছবির উপরে ইংরেজিতে লিখেছেন, “বিয়ের অনুষ্ঠানে বেনারসি বিকিনি পরে স্টেরিওটাইপ ভাঙলেন লখনউয়ের কনে। দুই ভাগে বিভক্ত ইন্টারনেট।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে লাখনউতে বিকিনি পরে এক যুবতী বিয়ে করেছেন দাবিতে ভাইরাল ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি। এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।
কীভাবে জানা গেল সত্য?
প্রথমত, ভাইরাল ছবিটি সন্দেহজনক। কারণ কোনও ভারতীয় দম্পত্তির বিয়েতে কনের বিকিনি পরে উপস্থিত হওয়ার ঘটনা বা নিদর্শন সাধারণত শোনা যায় না। আর এমন কোনও ঘটনা ঘটলে তা অবশ্যই আলাদাভাবে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে। পাশাপাশি সেই সংক্রান্ত খবর অবশ্যই সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। তাই এবিষয়ে জানতে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলেও এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়।
তাই এরপর ভাইরাল ছবিটির সত্যতা জানার লক্ষ্যে ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন চলতি বছরের ১৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রাপ্ত বয়স্কদের একটি কমিউনিটিতে ভাইরাল ছবিটির সব থেকে পুরনো ইন্টারনেট সংস্করণ পাওয়া যায়। পাশাপাশি রেডিটের সেই পোস্টে ভাইরাল ছবিটি ছাড়াও বিকিনি পরিহিতা কনেদের আরও এমন একাধিক ছবি শেয়ার করা হয়েছে।

রেডিটের পোস্টটি ভালো করে পর্যবেক্ষণ করার সময় আমরা এর কমেন্ট সেকশনে একজন ইউজারের মন্তব্য দেখতে পাই। সেখানে তিনি ছবিটিকে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে বলে দাবি করে লিখেছেন, ‘AI-এর দারুন ব্যবহার।’ এবং তার মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে ছবি পোস্টকারী তাকে ধন্যবাদ জানানোর মাধ্যমে ছবিটি যে AI-এর সাহয্যে তৈরি সে বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন।

এরপর আমরা রেডিটের যে কমিউনিটিতে ছবিগুলি পোস্ট করা হয়েছে সেটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পাই গ্রুপটি প্রতিদিনই এমন একাধিক AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ছবি পোস্ট করা হয়। পাশাপাশি কমিউনিটিটির বিস্তারিত অংশেও এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সেখানে AI দ্বারা তৈরি ছবিই পোস্ট করা হয়।

এরপর এ বিষয়ে বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে আমরা AI Image Dectector, TrueMedia এবং Ai Detect Content-এর মত AI যাচাইকারী টুলের মাধ্যমে দেখার চেষ্টা করি ভাইরাল ছবিটি সত্যিই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে কিনা। প্রতিটি টুলেই ছবিটিকে AI দ্বারা তৈরি করা হয়েছে বলে চিহ্নিত করেছে। নিচে এইসব ওয়েবসাইট বা টুলের ফলাফল দেখা যাবে।
AI Image Dectector:



এর থেকে প্রমাণ হয় যে সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে লাখনউতে বিকিনি পরে এক যুবতী বিয়ে করেছেন।

সামাজের সকল বাধ্যবাধকতা উপেক্ষা করে লাখনউতে বিকিনি পরে বিয়ে করেছেন এক যুবতী।
ভাইরাল ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি। এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।