

গত রবিবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ বার দুই দফাতেই পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের নির্বাচন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলার মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। অন্যদিকে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় সাতটি জেলার মোট ১৪২টি আসনে নির্বাচন রয়েছে। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এবিপি আনন্দের তথাকথিত একটি জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোলের স্ক্রিনশট।
সেই সমীক্ষায় ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫০-১৭০ এবং তৃণমূল কংগ্রেস ১০০-১১৫টি আসনে জয়লাভ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভাইরাল ওপিনিয়ন পোলের স্ক্রিনশটটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এবিপি আনন্দের করা এই পোল অনুযায়ী আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৫০-১৭০ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি। উদাহরণস্বরূপ, ভাইরাল জনমত সমীক্ষার স্ক্রিনশটটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “আগামী 4 মে গেরুয়া আবীর খেলা হবে, জয় শ্রী রাম।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল এবিপি আনন্দের জনমত সমীক্ষার স্ক্রিনশটটি সম্পাদিত। বরং গত ১৬ মার্চ এবিপি আনন্দে Matrize-IANS পরিচালিত একটি জনমত সমীক্ষা প্রকাশ করে। সেই সমীক্ষায় বিজেপি নয়। বরং ১৫৫-১৭০টি আসন পেয়ে তৃণমূল ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফের একবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সত্য উন্মোচন
প্রথমত, এবিপি আনন্দের জনমত সমীক্ষার ভাইরাল স্ক্রিনশটটি সন্দেহজনক। কারণ সেখানে সমীক্ষায় রাজনৈতিক দলগুলিকে দেওয়া সংখ্যাটি ইংরাজি হরফে লেখা হয়েছে। অন্যদিকে স্ক্রিনশটের সাল-সহ বাকি অন্যান্য সংখ্যা বাংলা হরফে লেখা রয়েছে। সাধারণত, এবিপি আনন্দের বাংলা সংবাদমাধ্যমে ইংরাজি হরফে সংখ্যা লেখা হয় না। কিংবা একই সংবাদের ক্ষেত্রে দুটি ভাষার ব্যবাহর করা হয় না। যা থেকে সন্দেহ তৈরি হয় স্ক্রিনশটটি সম্পাদিত বা ভুয়ো হলে হতে পারে।
তাই এরপর ভাইরাল দাবি ও স্ক্রিনশটের সত্যতা জানতে সেটি নিয়ে অনুসন্ধান চালালে ২০২৬ সালের ১৬ মার্চ এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে মূল সমীক্ষাটির একটি সম্প্রচার পাওয়া যায়। সেখানে এবিপি আনন্দের তরফে Matrize-IANS পরিচালিত একটি জনমত সমীক্ষা প্রকাশ কর হয়। অর্থাৎ সমীক্ষাটি এবিপি আনন্দ পরিচালনা করেনি। বরং তারা কেবলমাত্র Matrize-IANS-র তরফে করা সমীক্ষাটি নিজেদের চ্যানেলে দেখিয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ফের একবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাজ্যের শাসক দলের সম্ভাব্য আসন সংখ্যা ১৫৫ থেকে ১৭০টির থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি পেতে পারে প্রায় ১০০ থেকে ১১৫টি আসন। অন্যান্যদের দেওয়া হয়েছে ৫-৭টি আসন। অর্থাৎ তৃণমূলের আসন সংখ্যা ২০২১ সালের নির্বাচন অপেক্ষা অনেকটাই কমলে এবারও তারাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি ২০২১ সালের তুলনায় আসন সংখ্যা কিছুটা বাড়াতে পারলে তা ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না বলে জানানো হয়েছে। কিন্তু ভাইরাল স্ক্রিনশটটি এডিট করে সেখানে তৃণমূল এবং বিজেপির আসন সংখ্যার এই পরিসংখ্যানকে একে অন্যের সঙ্গে উল্টে দেওয়া হয়েছে।
এর থেকে প্রমাণ হয় যে, এবিপি আনন্দের জনমত সমীক্ষা দাবি করে শেয়ার সম্পাদিত স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে।

এবিপি আনন্দের ওপিনিয়ন পোল অনুযায়ী, আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৫০-১৭০ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির।
ভাইরাল এবিপি আনন্দের জনমত সমীক্ষার স্ক্রিনশটটি সম্পাদিত। মূল সমীক্ষায় তৃণমূল কংগ্রেস ১৫৫ থেকে ১৭০টি আসন পেয়ে ফের একবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরতে পারে, এমন সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে।