

গুগল কি তাদের জনপ্রিয় ম্যাপ পরিষেবা থেকে ফিলিস্তিনকে বাদ দিয়ে দিয়েছে? ইজরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘর্ষের মাঝেই এই ধরনের একটি পোস্ট সোশ্য়াল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। সেই পোস্টে দাবি করা হয়েছে যে গুগল নাকি তাদের ম্যাপ পরিষেবা থেকে বাদ দিয়ে দিয়েছে ফিলিস্তিনকে।
অনেকেই গুগল ম্যাপের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে ইজরায়েল, জেরুজালেম, তেল আভিভের মতো জায়গা দেখা গেলেও ফিলিস্তিনের কোনও উল্লেখ পাওয়া যাচ্ছে না। এই স্ক্রিনশটটি প্রমাণ হিসেবে তুলে ধরে দাবি করা হচ্ছে যে ফিলিস্তিনকে ম্যাপ থেকে বাদ দিয়েছে গুগল।

উদাহরণস্বরূপ, এক ব্যক্তি ক্যাপশনে লিখেছেন, "সবাই একটু এটেনশন চাচ্ছি। জনপ্রিয় সাইট গুগল তাদের ম্যাপ যে আমরা সবাই দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এবং তার সম্পর্কে আমরা সবাই জানি তারা গুগল থেকে কিভাবে ফিলিস্তিন মুছে দিয়েছে আপনি আর বিশ্বাস না হলে আপনি যে দেখতে পারেন গুগল ম্যাপ আপনি সার্চ দেখেন কোথাও আপনি পাবেন না তাই বলছি আপনারাও আওয়াজ তুলুন।" (ক্যাপশনের সকল বানান অপরিবর্তিত)
কেউ আবার ম্যাপের এক লাইনে লিখেছেন, "আহ! গুগল ম্যাপ থেকে ফিলিস্তিন মুছে দেওয়া হয়েছে!"
আজ তক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, এই দাবিটি সঠিক নয়। গুগল ম্যাপে কখনই ফিলিস্তিনের অস্তিত্ব ছিল না। ফলে ফিলিস্তিনকে মুছে ফেলার প্রশ্নও আসে না।
কীভাবে জানা গেল সত্যি
এ ক্ষেত্রে সবার আগে জানিয়ে রাখা প্রয়োজন যে, ১৯৪৮ সালে প্রথমবার ইজরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ফিলিস্তিনের অন্তর্বর্তী একটি দেশ হিসেবেই ইজরায়েল যাত্রা শুরু করে। তবে নানা ইতিহাসবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, ধীরে ধীরে ফিলিস্তিনকে গ্রাস করা শুরু করে ইজরায়েল। অন্যদিকে, গুগল ম্যাপ নিজেদের পথচলা শুরু করে ২০০৫ সালে।
এরপর আমরা গুগল ম্যাপে গিয়ে ইংরাজিতে Palestine সার্চ করার চেষ্টা করি। কিন্তু তখন কোনও আলাদা মানচিত্র বা দেশকে চিহ্নিত না করে জানানো হয়, বর্তমানে ফিলিস্তিন দুটি বিচ্ছিন্ন অংশ-গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্য়াঙ্ক নিয়ে গঠিত।

এই বিষয়ে আরও কিছু কিওয়ার্ড সার্চ করে ২০১৬ সালের ১০ অগাস্ট প্রকাশিত দ্য গার্ডিয়ানের একটি রিপোর্ট আমরা পাই। সেই রিপোর্টে উল্লেখ করা হয় যে, গুগলের বিরুদ্ধে তখনই ম্যাপ থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু গুগলের এক মুখপাত্র এই দাবি নস্যাৎ করে জানায়, তারা কখনই আলাদাভাবে ফিলিস্তিন হিসেবে কোনও দেশকে মার্ক করেনি। বরং গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাঙ্ককেই তারা দেখিয়ে এসেছে।

সর্বভারতীয় ওয়েব পোর্টাল দ্য কুইন্টের পক্ষ থেকেও সম্প্রতি এই দাবির ফ্যাক্ট চেক করা হয়েছিল। তাদের পক্ষ থেকে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলে গুগলের এক মুখপাত্র জানান যে ম্যাপে ফিলিস্তিনের অস্তিত্ব কোনও কারসাজি করা হয়নি বা কোনও কিছু বদল করা হয়নি।
গুগলের বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনের আঞ্চলিক সীমানা সম্পর্কে আন্তর্জাতিক মহলে কোনও ঐক্যমত না থাকার কারণে তারা পৃথকভাবে দেশ হিসেবে ফিলিস্তিন ও তার সীমানা নির্ধারণ করতে অক্ষম। সেই কারণে কোনও ব্যবহারকারী যদি ম্যাপে ফিলিস্তিন খোঁজেন তখন তাদের গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাঙ্কের অংশ লেবেল করে দেখানো হয়।
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, ম্যাপ থেকে গুগলের ফিলিস্তিনকে মুছে ফেলার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন।

গুগল তাদের ম্যাপ পরিষেবা থেকে ফিলিস্তিনকে মুছে ফেলেছে।
ফিলিস্তিনের রাজনৈতিক সীমানা সম্পর্কে আন্তর্জাতিক মহলে ঐক্যমত না থাকার কারণে গুগল কখনই আলাদাভাবে ফিলিস্তিনকে চিহ্নিত করেনি। তাই মুছে ফেলার দাবিও ভিত্তিহীন।