
ভারতের কমিউনিস্ট পার্টিকে 'জঙ্গি সংগঠন' বলেছেন নানা পাটেকর?'পারিন্দা' থেকে 'আব তাক ছাপ্পান' কিংবা 'রাজনীতি' থেকে 'ওয়েলকাম'। বলিউডের খ্যাতনামা অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন নানা পাটেকর। এবার তাঁর নাম-সহ একটি দাবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই দাবি করছেন যে অভিনেতা নানা পাটেকর নাকি ভারতের কমিউনিস্ট পার্টিকে বিশ্বের 'অন্যতম কুখ্যাত জঙ্গি সংগঠন'গুলোর মধ্যে একটা বলে দাবি করেছেন।

একই দাবি-সহ পোস্টগুলো দেখা যাবে এখানে, এখানে, এখানে ও এখানে।
যদিও ইন্ডিয়া টুডে তদন্ত করে দেখেছে যে, ভাইরাল দাবিটি একদম মিথ্যে। এমন কোনও কথা অভিনেতা নানা পাটেকর বলেননি।
কীভাবে এগলো অনুসন্ধান?
অভিনেতা নানা পাটেকর সত্যি যদি ভারতের কমিউনিস্ট পার্টিকে সন্ত্রাসী সংগঠন বলে থাকতেন, তবে তা বড় খবর হত। কিন্তু ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে এই ধরনের কোনও খবর আমাদের নজরে পড়েনি।
এরপর ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে নানা পাটেকরের অফিসিয়াল অ্যাকাউন্ট খুঁজেও আমরা এই ধরনের কোনও পোস্ট দেখতে পাইনি।
তবে ২০১৯ সালের ৩ এপ্রিল অভিনেতার একটি টুইটার পোস্ট আমাদের নজরে পড়ে। মারাঠি ভাষায় করা ওই পোস্টে নানা পাটেকর লিখেন, "নাম ফাউন্ডেশনের কাজের জন্য গ্রামে গ্রামে ঘুরতে হয়, তাই বহু মানুষ এসে ছবিও তোলেন। কিন্তু সেই ছবিগুলোকে এখন অপকর্মে ব্যবহার করা হচ্ছে। আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই। আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থনও করি না।"
नाम फाऊंडेशनच्या कामा निमित्त गावोगावी फिरताना अनेक लोक भेटायला येतात आणि पुष्पगुच्छ देऊन फोटो काढतात. काही मंडळी अशा फोटोंचा गैरवापर करीत आहेत.
— Nana Patekar (@nanagpatekar) April 3, 2019
मी कुठल्याही राजकीय पक्षाचा नाहीं.
कुठल्याही राजकीय पक्षाला किंवा उमेदवाराला पाठिंबा दिलेला नाही.
অবশেষে ইন্ডিয়া টুডের তরফে অভিনেতা নানা পাটেকরের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং তিনি আমাদের নিশ্চিত করে জানান যে, তিনি কখনই ভারতের কমিউনিস্ট পার্টিকে অন্যতম সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেননি।
ফলে এখন এটা স্পষ্ট যে, ভাইরাল পোস্টের দাবিটা ভুয়ো ও মনগড়া।

নানা পাটেকর ভারতের কমিউনিস্ট পার্টিকে বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি সংগঠনগুলোর মধ্যে একটা বলে দাবি করেছেন।
ভাইরাল দাবিটি একদম মিথ্যে ও মনগড়। কখনই ভারতের কমিউনিস্ট পার্টিকে অন্যতম সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেননি।