ফ্যাক্ট চেক: ভিসা ছাড়া ভারতীয় মুসলিমদের নেপাল ভ্রমণে ‘নিষেধাজ্ঞা’? সত্যিটা জানুন

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল দাবিটি ভিত্তিহীন। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রীর তরফে ভারতীয় মুসলিমদের জন্য দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট আইন পাশ বা জারি করা হয়নি। একটি বৈধ পাসপোর্ট অথবা ছবিযুক্ত ভোটার বা এপিক কার্ড থাকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় নাগরিক নেপালে ভ্রমণ করতে পারেন।

Advertisement
ফ্যাক্ট চেক: ভিসা ছাড়া ভারতীয় মুসলিমদের নেপাল ভ্রমণে ‘নিষেধাজ্ঞা’? সত্যিটা জানুন

গত ২৭ মার্চ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বলেন্দ্র শাহ। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ৩৫ বছর বয়সী তরুণ এই প্রাক্তন র‌্যাপার তথা রাজনীতিবিদ এর আগে সামলেছেন রাজধানী কাঠমান্ডুর মেয়রের পদ। গত বছরের সেপ্টেম্বর মাসে জেনজ়ি বিক্ষোভের জেরে নেপালে পতন হয়েছিল কেপি শর্মা ওলির সরকারের। ওলি সরকারের পতনের প্রায় ছ’মাস পর তার উত্তরসূরী হিসাবে নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন বলেন্দ্র৷ আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি পোস্ট। 

যেখানে দাবি করা হচ্ছে, নবনির্বাচিত নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ নতুন একটি আইন জারি করেছেন, যেখানে বলা হয়েছে যে, এখন থেকে কোনও বৈধ ভিসা ছাড়া নেপাল ভ্রমণ করতে পারবেন না ভারতীয় মুসলিমরা। উদাহরণস্বরূপ, ভাইরাল পোস্টটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “নেপালের প্রধানমন্ত্রী আইন জারি করেছে ভারত থেকে কোন মুসলিম আর বিনা ভিসায় নেপাল যেতে পারবে না।” এখানে উল্লেখ্য, সাধারণত ভারতীয় নাগরিকদের জন্য নেপাল ভ্রমণের জন্য কোনও ভিসা প্রয়োজন হয় না।

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল দাবিটি ভিত্তিহীন। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রীর তরফে ভারতীয় মুসলিমদের জন্য দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট আইন পাশ বা জারি করা হয়নি। একটি বৈধ পাসপোর্ট অথবা ছবিযুক্ত ভোটার বা এপিক কার্ড থাকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় নাগরিক নেপালে ভ্রমণ করতে পারেন।

সত্য উন্মোচন

প্রথমত, ভাইরাল দাবিটি সন্দেহজনক। কারণ সাধারণত, কোনও দেশই ধর্মের ভিত্তিতে দেশটিতে কারা ভ্রমণ করবেন তা নির্ধারণ করে না। তারপরেও সম্প্রতি নেপাল সরকারের তরফে ভারতীয় মুসলিমদের জন্য দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে নতুন কোনও আইন বা নিয়ম লাগু করা হলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। এর থেকে অনুমান করা যায়, ভাইরাল দাবিটি মিথ্যে হলেও হতে পারে।

Advertisement

তবে এরপর ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে বর্তমানে নেপাল ভ্রমণের জন্য কী কী নথি প্রয়োজন তা জানতে আজতকের তরফে একাধিক অনুসন্ধান চালানো হয়। তখন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং কলকাতায় অবস্থিত নেপাল কনস্যুলেটের অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য পাওয়া যায়। কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, “ভারত থেকে আকাশপথে নেপালে ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের জন্য কেবলমাত্র দুটি নথি বৈধ। সেগুলি হল বৈধ ভারতীয় পাসপোর্ট অথবা নির্বাচন কমিশনের তরফে জারি করা ছবিসহ ভোটার বা এপিক কার্ড।” অন্যদিকে, কলকাতার নেপাল কনস্যুলেটের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, নেপালে ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের কোনও ভিসার প্রয়োজন নেই। তারা নেপালের নাগরিকদের মতোই ভ্রমণ করতে পারবেন।

পরবর্তীতে, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কলকাতার নেপাল কনস্যুলেটের কনসাল টিকরাম উপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “ভারতীয় নাগরিকদের জন্য নেপাল ভ্রমণের নীতিতে কোনও পরিবর্তন আনা হয়নি। এমনকি ভারতীয় মুসলিমদের নেপালে ভ্রমণের ক্ষেত্রে ভিসা নেওয়ার বাধ্যবাধকতা সংক্রান্ত কোনও আইনও প্রণয়ন করা হয়নি।” পাশাপাশি, বিষয়টি নিয়ে নেপাল প্রেস কাউন্সিলের সদস্য নকুল আরিয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনিও এই একই তথ্য প্রদান করে বলেন, “নেপালের নতুন সরকার এখন পর্যন্ত কোনও বিল উত্থাপন বা পাস করেনি।”

এর থেকে প্রমাণ হয় যে, এখন থেকে ভিসা ছাড়া ভারতীয় মুসলিমদের নেপাল ভ্রমণে ‘নিষেধাজ্ঞা’ সংক্রান্ত দাবিটি ভিত্তিহীন।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

নবনির্বাচিত নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ নতুন একটি আইন জারি করেছেন, যেখানে বলা হয়েছে যে, এখন থেকে কোনও বৈধ ভিসা ছাড়া নেপাল ভ্রমণ করতে পারবেন না ভারতীয় মুসলিমরা।

ফলাফল

ভাইরাল দাবিটি ভিত্তিহীন। একটি বৈধ পাসপোর্ট অথবা ছবিযুক্ত ভোটার বা এপিক কার্ড থাকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় নাগরিক নেপালে ভ্রমণ করতে পারেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement