ফ্যাক্ট চেক: দিল্লিতে সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেন লক্ষ্য করে CJP বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপ? 

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিও-র সঙ্গে দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ১৪ জুন পাটনার পাটলিপুত্র রেল স্টেশনে ট্রেন দেরি ও অতিরিক্ত ভিড়ের অভিযোগে বিহার আবগারি পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের তরফে ভাঙচুর এবং পাথর ছোড়ার দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: দিল্লিতে সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেন লক্ষ্য করে CJP বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপ? 

সোমবার দিনভর ককরোচ জনতা পার্টির বিক্ষোভ এবং সংসদ অভিযানের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাপ্ত হয়ে ওঠে দিল্লি। বিক্ষোভ চলাকালীন রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। অন্যদিকে বিক্ষোভকারীদের হঠাতে দফায়দফায় লাঠিচার্জ করে পুলিশ। মূলত, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লাগাতার চলছে এই বিক্ষোভ। মঙ্গলবারও সংসদ ভবন অভিযান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে।

আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে বেশকিছু যুবককে কোনও একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি নীল রঙের ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছ, দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা সদ্য চালু হওয়া একটি হাইড্রোজেন ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়েছে।  

উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “স্টেশনে দাঁড়িয়ে থাকা ভারতের নতুন হাইড্রোজেন ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ! ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন স্টেশনে দাঁড়িয়ে থাকা দেশের নতুন হাইড্রোজেন ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।” এই একই দাবি-সহ শেয়ার করা অন্যান্য পোস্ট এখানে দেখা যাবে। 

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিও-র সঙ্গে দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ১৪ জুন পাটনার পাটলিপুত্র রেল স্টেশনে ট্রেন দেরি ও অতিরিক্ত ভিড়ের অভিযোগে বিহার আবগারি পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের তরফে ভাঙচুর এবং পাথর ছোড়ার দৃশ্য।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৬ সালের ১৪ জুন বাংলা সংবাদমাধ্যম inscript.me-র অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিও-র ১০ সেকেন্ডের ফ্রেমের সঙ্গে ভাইরাল ভিডিও-র সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “বিহার আবগরি পুলিশ নিয়োগ পরীক্ষায়্ ট্রেন বিভ্রাটে বিহারে ধুন্ধুমার: পাটলিপুত্র স্টেশনে পাথর ছোঁড়া ও ব্যাপক ভাঙচুর।” 

Advertisement

পাশাপাশি, চলতি বছরের ১৪ জুন রিপাবলিক ওয়ার্ল্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও এই একই ভিডিও পাওয়া যায়। সেই ভিডিও-র শিরোনাম এবং বিস্তারিত অংশে সেটিকে বিহারের পাটনায় ট্রেন বিলম্বের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। এরপর ভাইরাল ভিডিও-র এক ফ্রেমের সঙ্গে inscript.me এবং রিপাবলিক ওয়ার্ল্ডে প্রাপ্ত ভিডিও-র তুলনা করলে এটা পরিষ্কার হয়ে যায় যে দুটি ভিডিও-ই একই স্থানে তোলা।

এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল ঘটনার ছবি-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ১৪ জুন বিহারের আবগারি পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল। সেই উপলক্ষ্যে ট্রেনে করে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ১৩ জুন রাতে পাটনার পাটলিপুত্র রেল স্টেশনে উপস্থিত হয় বহু সংখ্যক পরীক্ষার্থী। কিন্তু স্টেশনে পৌঁছে তারা দেখেন অনেক ট্রেনই দেরিতে চলছে এবং যেসব ট্রেন চলছে তাতে অতিরিক্ত ভিড়ের কারণে ওঠা সম্ভব হচ্ছে না।

এরপরেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য পর্যাপ্ত পরিবহনের অভাবে পরীক্ষার্থীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। এবং এক পর্যয়ে তারা রেললাইনে বসে ট্রেন চলাচল বন্ধ করে দেয়, ট্রেনের চেইন টানে এবং রেলওয়ের সম্পত্তি, স্থানীয় দোকান ও ট্রেনের বগিতে ব্যাপক পাথর ছুড়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিআরপি, আরপিএফ এবং স্থানীয় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এমনকি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলিও ছোড়ে। ঘটনার পর পুলিশ এফআইআর দায়ের করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে এবং পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।

এর থেকে প্রমাণ হয় যে, দিল্লিতে সিজেপি বিক্ষোভকারীরা সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়েছে দাবিতে শেয়ার করা হচ্ছে পাটনার পুরনো ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীরা সদ্য চালু হওয়া একটি হাইড্রোজেন ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছে।

ফলাফল

ভাইরাল ভিডিও-র সঙ্গে দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ১৪ জুন পাটনার পাটলিপুত্র রেল স্টেশনে বিহারের আবগরি পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীদের তরফে ভাঙচুর এবং পাথর ছোড়ার দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement