ফ্যাক্ট চেক: মাঝ আকাশে প্লেন থেকে হাওয়াই দ্বীপে দেখা গেল সুনামি? না, ভিডিওটি এআই দ্বারা তৈরি

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি। এক টিকটক ক্রিয়েটর নিজেই ভিডিওটি আপলোড করে এই তথ্য জানিয়েছিলেন।

Advertisement
ফ্যাক্ট চেক: মাঝ আকাশে প্লেন থেকে হাওয়াই দ্বীপে দেখা গেল সুনামি? না, ভিডিওটি এআই দ্বারা তৈরি

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বুধবার সকালে আসা ৮.৮ তীব্রতার ভূমিকম্পের জেরে একাধিক দেশে জারি হয়েছিল সুনামি সতর্কতা। তবে শেষ পর্যন্ত বড় কোনও অঘটন ছাড়াই সেই বিপদ টলে গিয়েছে। এই আবহে মাঝ আকাশে কোনও বিমান থেকে তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি উপকূল অঞ্চলে বিপুল পরিমাণে সমুদ্রের জল লোকালয়ে ঢুকে সেই এলাকা ভাসিয়ে দিচ্ছে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "৩০০০০ হাজার ফুট উপর থেকে সুনামি দেখেন।"

৩০ জুলাই প্রকাশিত নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটে একটি সংবাদ প্রতিবেদনে এই ভিডিও-র একাধিক স্ক্রিনশট ব্যবহার করা হয়। সঙ্গে খবরে লেখা হয়, এই ভিডিও হাওয়াইয়ের আকাশ থেকে ধরা পড়েছে। খবরের ভাষ্য অনুযায়ী, "রাশিয়ার ভূমিকম্পের ফলে হাওয়াই উপকূলে ধেয়ে আসা সুনামির ভয়ানক দৃশ্য বিমানের ভিতর থেকে ক্যামেরাবন্দি করেছেন যাত্রীরা। ভাইরাল ভিডিওতে বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়তে দেখা যায়, যা গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে।" এই প্রতিবেদনে আর্কাইভ সংস্করণ এখানে দেখা যাবে।

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি। এক টিকটক ক্রিয়েটর নিজেই ভিডিওটি আপলোড করে এই তথ্য জানিয়েছিলেন।

সত্য উন্মোচন হলো যেভাবে

যদি ভূমিকম্পের পর এত বড় মাপের সুনামি কোনও অঞ্চলে এসে থাকতো তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই ভিডিওটি প্রকাশ করে ঘটনা সম্পর্কে খবর করা হতো। কিন্তু কোনও বিশ্বস্ত সংবাদ মাধ্যমে এমন ভয়াবহ এবং প্রাণঘাতী সুনামি হয়েছে, বা এমন দৃশ্য় দেখা গেছে, এমন কোনও খবর পাওয়া যায়নি।

ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি কিনা জানতে এরপর ভিডিওটি আমরা ডিপ ফেকস অ্যানালাইসিস ইউনিট (DAU)-এ পাঠাই। সেখানে এআই অর নট-এর মতো যাচাইকারী টুলে ভিডিওটিকে ৬৫ শতাংশ এআই নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখানো হয়। 

Advertisement

অপর একটি যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশনের মাধ্যমে যখন ভিডিওটি পরীক্ষা করা হয়, তখন দেখা যায়, ভিডিওতে যে দৃশ্য ধরা পড়েছে তাকে ৮৯ শতাংশই এআই বলে শনাক্ত করছে ওয়েবসাইটটি।

এইপর ভাইরাল ভিডিওটির উৎস খুঁজতে এর থেকে স্ক্রিনশট সংগ্রহ করে সেগুলি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও একাধিক ইউটিউব শর্টসেও দেখা যায়। সেই ভিডিওগুলিতে এক টিকটক ব্যবহারকারীর ইউজারনেম-সহ আইডি-র ওয়াটারমার্ক ছিল।

@t.ho.m.1.1.02 নামের এই ইউজারনেমটি অনুসরণ করে হ্যান্ডেলটি ভিপিএনের সাহায্যে টিকটকে খোলা হলে দেখা যায় ওই ব্যবহারকারী ভিডিওটি ৩০ জুলাই আপলোড করেছিলেন। আপলোড করার পর এখনও পর্যন্ত ভিডিওটি চার কোটি বারের বেশি দেখা হয়েছে। ভিডিওটি আপলোড করে ওই ব্যবহারকারী ক্যাপশনে একাধিক কিওয়ার্ড ব্যবহার করলেও শেষে দুটি হ্যাশট্যাগ ব্যবহার করেন। #aiart #aivideo. (এআই আর্ট, এআই ভিডিও)।

এই হ্যাশট্যাগ দুটি থেকে পরিষ্কার হয়ে যায় যে এই ভিডিওটি আসলে এআই দ্বারা তৈরি। কোনও আসল ঘটনা নয়।

এরপর ওই ব্যবহারকারীর টিকটক হ্যান্ডেলে থাকা বাকি ভিডিওগুলি খতিয়ে দেখা হয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত যে ছয়টি ভিডিও ওই ব্যবহারকারী আপলোড করেছেন, সবগুলিই এআই দ্বারা তৈরি বলেই দৃশ্যমান হয়। যেখানে কোথাও একটি অদ্ভুদ প্রাণীকে দেখা যাচ্ছে, কোথাও আবার একটি বড় জাহাজ ডুবে যেতে দেখানো হয়েছে। 

সুতরাং সব মিলিয়ে বলাই চলে যে একটি এআই নির্মিত ভিডিওকে আসল ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

রাশিয়ায় ৩০ জুলাই হওয়া ভূমিকম্পের ফল সৃষ্টি সুনামির দৃশ্য মাঝ আকাশে ধরা পড়েছে একটি প্লেন থেকে।

ফলাফল

এই ভিডিওটি এআই দ্বারা তৈরি। এক টিকটক ইউজার নিজেই ৩০ জুলাই পোস্ট করে বিষয়টি লিখেছিলেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement