

ইজরায়েল ও মার্কিন যৌথ বাহিনীর সঙ্গে ইরানের যুদ্ধের থামার কোনও ইঙ্গিত দেখা যাচ্ছে না। সংঘাত এবার ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বাইরেও। ভারত মহাসাগরের শ্রীলঙ্কা উপকূলের কাছেই ডুবোজাহাজ থেকে হামলা চালিয়ে বিশাখাপত্তনম ফেরত একটি ইরানি রণতরী ধ্বংস করেছে আমেরিকা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮৭ জন নিহত এবং ৩২ জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর। অন্যদিকে, ইজরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সেনা ঘাঁটিতে হামলা জারি রেখেছে তেহেরান।
আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে গায়ে নীল রঙের জ্যাকেট পরিহিত কয়েকজন ব্যক্তিকে মাটিতে বসে রয়েছেন এবং তাদেরকে ঘিরে রেখেছেন কয়েকজন সেনাকর্মী। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ইরানে লুকিয়ে থাকা দশজন মার্কিন গুপ্তচরকে আটক করেছে ইরানি সেনাবাহিনী। উদাহরণস্বরূপ, ভাইরাল ক্লিপটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “ইরানে আটক দশ মার্কিন গুপ্তচর।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি সম্প্রতি ইরানে লুকিয়ে থাকা দশজন মার্কিন গুপ্তচরকে আটকের দৃশ্য নয়। বরং সেটি ২০২৫ সালের ২৬ ডিসেম্বর লেবানন সীমান্ত দিয়ে অবৈধভাবে সিরিয়ায় প্রবেশের চেষ্টার সময় বহিষ্কৃত বাশার আল-আসাদ সরকারের আমলের ১২ জন সেনা আধিকারিককে সীমান্তরক্ষী বাহিনীর তরফে আটকের দৃশ্য।
সত্য উন্মোচন
প্রথমত, সম্প্রতি ইরানে লুকিয়ে থাকা দশজন মার্কিন গুপ্তচরকে ইরানি সেনাবাহিনী আটক করে থাকলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির বাংলাদেশি এবং অন্তর্জাতিক সংবাদমাধ্যমে অবশ্যই প্রকাশিত হবে। কিন্তু আমরা আমাদের অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। তাই ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়।
তখন ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সিরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম Levant24-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। যা থেকে স্পষ্ট হয়ে যায়, ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এর সঙ্গে ইজরায়েল-আমেরিকা ও ইরানের সাম্প্রতিক সংঘাতের কোনও সম্পর্ক নেই। ভিডিও-র ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “অবৈধভাবে সিরিয়া-লেবানন সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টার সময় বহিষ্কৃত আসাদ সরকারের আমলের ১২ জন সেনা আধিকারিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।”
Border guard forces 𝗮𝗿𝗿𝗲𝘀𝘁𝗲𝗱 𝟭𝟮 𝗼𝗳𝗳𝗶𝗰𝗲𝗿𝘀 from the ousted 𝗔𝘀𝘀𝗮𝗱 𝗿𝗲𝗴𝗶𝗺𝗲 who tried to enter the country illegally via the Syrian-Lebanese border. pic.twitter.com/gIernAcab8
— Levant24 (@Levant_24_) December 27, 2025
উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে, ভাইারল ভিডিও-র স্ক্রিনশট-সহ একাধিক আরবি এবং ইংরেজি সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২৬ জানুয়ারি লেবানন সীমান্ত দিয়ে অবৈধভাবে সিরিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন দেশটির বহিষ্কৃত রাষ্ট্রপতি বাশার আল-আসাদ সরকারের আমলে কর্মরত ১২ জন সেনা আধিকারিক। সেই সময় সিরায়ান সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাঁদের আটক করে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর থেকে প্রমাণ হয় যে, ইরানে দশজন মার্কিন গুপ্তচর আটক দাবি করে ছড়ানো হচ্ছে সিরিয়ার অসম্পর্কিত ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সম্প্রতি ইরানে লুকিয়ে থাকা দশজন মার্কিন গুপ্তচরকে আটক করেছে ইরানি সেনাবাহিনী।
ভিডিওটি ২০২৫ সালের ২৬ ডিসেম্বর লেবানন সীমান্ত দিয়ে অবৈধভাবে সিরিয়ায় প্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনীর তরফে ১২ জন সেনা আধিকারিককে আটকের দৃশ্য।