

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে হিজাব পরিহিতা এক তরুণীকে মারাধর করতে এবং মারধরের কারণে ওই তরুণীকে কাঁদতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘জয় শ্রী রাম’ স্লোগান না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গ তথা ভারতে বিজেপি কর্মীরা একজন মুসলিম তরুণীকে বেধড়ক মারধর করেছে।
উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “"জয় শ্রী রাম " না বলার কারণে ভারতের জনতা পার্টির (বিজেপি) নেতা কতৃক এক মুসলিম মেয়েকে মারধর। আর কতো জুলুম নির্যাতনের শিকার হলে আমাদের চোখে এগুলো পড়বে,,এসবের বিরুদ্ধে মুসলমানরা একে অন্যর পাশে এসে ডাড়াবে?"

আজতক ফ্যাক্ট চেকের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ভিডিও-র সঙ্গে ‘জয় শ্রী রাম’ স্লোগান কিংবা ভারতের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের মিরপুরের কলেজ মার্কেটের একটি দোকান থেকে চুরির অভিযোগে এক তরুণীকে দোকানের মালিকের তরফে মারধরের দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর Bead Tube Master News নামক বাংলাদেশ ভিত্তিক একটি সংবাদ পোর্টালের ফেসবুক পেজে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভিডিওটি চুরির অভিযোগে এক তরুণীকে মারধরের ঘটনার।

এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর Sylhetor News নামক অপর এক বাংলাদেশি সংবাদমাধ্যমে এই একই ভিডিও-র বর্ধিত সংস্করণ-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “টাকা চু'রি করতে গিয়ে ধরা খেল একটি যুবতী মেয়ে। মিরপুর কলেজ মার্কেটের একটি দোকানে টাকা চু'রি করতে গিয়ে ধরা খেল একটি যুবতী মেয়ে।”
পাশাপাশি,Sylhetor News-এর ভিডিও-র ৫১ সেকেন্ডে অপর একটি মোবাইলে মেয়েটির চুরি কার মুহূর্তের সিসিটিভি ফুটেজও যুক্ত কা হয়। অন্যদিকে ভিডিও-র ১ মিনিট ২৫ সেকেন্ড থেকে ওই তরুণীকে বলতে শোনা যায়, তার বাড়ি বাংলাদেশে বরিশালের ওজিরপুর। এবং সে এর আগে একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ করতো। কিন্তু তার মাসি শাশুড়ি (খালা শাশুড়ি) বলছে নাকি গার্মেন্টসের বেতনে হবে না, চুরি করলে অনেক বেশি টাকা রোজাগর হবে। তাই সে চুরির কাজে লিপ্ত হয়েছে। এখানে উল্লেখ্য, মূল ভিডিওতে ভাইরাল ভিডিও-র মতো ‘জয় শ্রী রাম’ স্লোগান ছিল। যা থেকে স্পষ্ট হয়ে যায় যে ‘জয় শ্রী রাম’ স্লোগানটি অন্য কোনও ভিডিও থেকে নিয়ে ভাইরাল ভিডিওতে যুক্ত করা হয়েছে।

যদিও এটা ঠিক যে বিভিন্ন সময়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান না দেওয়ার কারণে দেশের একাধিক স্থানে মারধরের ঘটনা সামনে এসেছে। কিন্তু ভাইরাল ভিডিও-র সঙ্গে ‘জয় শ্রী রাম’ স্লোগান কিংবা ভারতের কোনও সম্পর্ক নেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘জয় শ্রী রাম’ স্লোগান না দেওয়ার কারণে ভারতে বিজেপি কর্মীরা একজন মুসলিম তরুণীকে বেধড়ক মারধর করেছে।
ভাইরাল ভিডিও-র সঙ্গে ‘জয় শ্রী রাম’ স্লোগান কিংবা ভারতের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের মিরপুরে একটি দোকান থেকে চুরির অভিযোগে এক তরুণীকে মারধরের দৃশ্য।