

একাধিক সামাজিক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার রাজনীতির পথিকৃৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্মীর ভাণ্ডার-এর মতো প্রকল্প একাধিক নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিয়েছে। এ বার দাবি করা হচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুর্গাশ্রী নামের নতুন প্রকল্প ঘোষণা করেছেন যার মাধ্যমে মহিলারা দুর্গাপুজো উপলক্ষে ১০ হাজার টাকার এককালীন বোনাস পাবেন।
উক্ত দাবিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখা হয়েছে, “দুর্গাশ্রী প্রকল্প! দুর্গাপুজোর আগে প্রতিটি মহিলা পাবেন ১০,০০০ টাকা পুজো বোনাস, ভোটের মুখে বিরাট চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের।”

একই দাবিতে আবার একটি সংবাদ মাধ্যমের বুলেটিনের গ্রাফিক্স কার্ড ভাইরাল হয়েছে। যেখানে ‘B Plus Live’ নামে কোনও একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেই স্ক্রিনশটে লেখা রয়েছে, “ভোটের মুখে চমক মমতার। দুর্গাপুজোর আগে প্রতিটি মহিলা পাবেন ১০ হাজার টাকা পুজো বোনাস। নির্বাচনী প্রতিশ্রুতি মমতার।”

এই পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখা হচ্ছে, “এবার সকল মহিলাদের দূর্গাপূজার বোনাস 10000 (দশ হাজার টাকা)।। জয় বাংলা।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল দাবিটি ভুয়ো এবং ভিত্তিহীন। এমন কোনও ঘোষণা মমতা করেননি। এমনকি ‘B Plus Live’ নামে কোনও সংবাদ মাধ্যমের ডিজিট্যাল অস্তিত্বও নেই।
সত্য উদ্ঘাটন
প্রথমত দাবিটি সন্দেহজনক। কারণ, নিয়ম অনুযায়ী একবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যায়। তখন আর কোনও রাজনৈতিক সরকার নতুন ধরনের কোনও জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করতে পারে না। সেই মতো এই রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট গত ১৫ মার্চ ঘোষণা হয়েছিল এবং ১৬ মার্চ থেকে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়।
তবে তা সত্ত্বেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনও ঘোষণা করে থাকতেন তবে সেই সম্পর্কে নিঃসন্দেহে নানা সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেত। কিন্তু এই ধরনের কোনও খবর কোথাও প্রকাশ হতে দেখা যায়নি। যা থেকে অনুমান করা যায় যে দাবিটি ভুয়ো হতে পারে।
এরপর ‘B Plus Live’ নামে কোনও ডিজিট্যাল মাধ্যমে এই ধরনের কোনও খবর প্রকাশ পেয়েছে কিনা এই নিয়ে খোঁজা হলে দেখা যায়, ওই নামে কোনও ডিজিট্যাল মিডিয়ার অস্তিত্ব ফেসবুক, ইউটিউব বা অন্য কোথাও নেই। যা এই স্ক্রিনশটের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়।
তথাকথিত এই সংবাদ মাধ্যমের স্ক্রিনশট এআই দ্বারা নির্মিত কিনা, সেই বিষয়টি যাচাই করতে এরপর স্ক্রিনশটটিকে গুগলের সিন্থ আইডির মাধ্যমে পরীক্ষা করা হয়। সিন্থ আইডি হল এমন একটি টুল যা গুগল দ্বারা তৈরি এআই জেনারেটেড কন্টেট পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। এই টুলের মাধ্যমে পরীক্ষা করা হলে পরিষ্কার জানানো হয় যে ছবিটি গুগলের এআই দ্বারা তৈরি।

তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরও দুর্গাপুজোর জন্য ক্লাবপ্রতি ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিয়েছিলেন। আন্তর্জাতিক মঞ্চে দুর্গাপুজোর এই ব্যপ্তির কৃতিত্ব তাঁর প্রাপ্য। তবে নির্বাচনী আচরণবিধির মধ্যে এহেন কোনও ঘোষণার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন।
ফলে সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে ভুয়ো ও ভিত্তিহীন দাবিতে একটি এআই নির্মিত স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে যা পুরোপুরি ভুয়ো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুর্গাশ্রী’ নামে নতুন প্রকল্প ঘোষণা করেছেন, যার মাধ্যমে দুর্গাপুজোর আগে প্রতিটি মহিলা ১০,০০০ টাকা করে বোনাস পাবেন।
দাবিটি ভুয়ো। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনও প্রকল্প ঘোষণা করেননি। ‘B Plus Live’ নামে ভাইরাল স্ক্রিনশটটিও অস্তিত্বহীন ও এআই-নির্মিত।