ফ্যাক্ট চেক: স্কুল-কলেজ পড়ুয়াদের বিনামূল্যে বাসে যাতায়াতের সিদ্ধান্ত এখনও পশ্চিমবঙ্গ সরকার নেয়নি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল দাবিটি সঠিক নয়। পশ্চিমবঙ্গ সরকার এখনও এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। বরং সম্প্রতি কর্নাটক সরকারের পক্ষ থেকে এমনই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
ফ্যাক্ট চেক: স্কুল-কলেজ পড়ুয়াদের বিনামূল্যে বাসে যাতায়াতের সিদ্ধান্ত এখনও পশ্চিমবঙ্গ সরকার নেয়নি

ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের সরকারি বাসে যাতায়াত হবে বিনামূল্যে। এই প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের ক্ষমতায় আসা বিজেপি সরকার তা বাস্তবায়ন করেছে গত ১ জুন থেকে। রাজ্যের বাসিন্দা যে সব মহিলা, তার বিনামূল্যেই সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। এই পোস্টে দাবি করা হচ্ছে যে এ বার স্কুল-কলেজ পড়ুয়াদেরও বিনামূল্যে যাতায়াতের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি-সহ একাধিক ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে লেখা হয়েছে, “স্কুল-কলেজ পড়ুয়াদের বাসে যাতায়াত ফ্রি। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল দাবিটি সঠিক নয়। পশ্চিমবঙ্গ সরকার এখনও এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। বরং সম্প্রতি কর্নাটক সরকারের পক্ষ থেকে এমনই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সত্য় উদ্ঘাটন

যদি শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার সত্যিই এমন কোনও সিদ্ধান্ত নিয়ে থাকতো, তবে সেই নিয়ে নানা মূলধারার সংবাদ মাধ্যমে অবশ্যই খবর প্রকাশ পেত। কিন্তু এই ধরনের কোনও খবর কিওয়ার্ড সার্চের মাধ্যমে পাওয়া যায়নি।

তবে কিওয়ার্ড সার্চ করা হলে একই ধরনের শিরোনাম-সহ TV9 বাংলার একটি প্রতিবেদন পাওয়া যায়। ৪ জুন প্রকাশিত “স্কুল ও কলেজ পড়ুয়ারা বাসে যাতায়াত করবে ফ্রি-তে, বড় ঘোষণা নতুন মুখ্যমন্ত্রীর” — শীর্ষক এই খবরে লেখা হয়, এই নতুন এবং অভিনব সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার শপথ নেওয়ার পরই নতুন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বাদেও এই সময় এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো খবরে জানানো হয়, সরকার মনে করছিল যে যাতায়াতের খরচ শিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়, বিশেষ করে গ্রামীণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের ক্ষেত্রে। তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের সব ছাত্রছাত্রীকে বিনামূল্যে বাস পাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রকল্প চালু হলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সরাসরি উপকৃত হবে এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। শিক্ষাবিদ ও বিভিন্ন ছাত্র সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Advertisement

পশ্চিমবঙ্গে এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে জানতে আমরা যোগাযোগ করেছিলাম পরিবহণ দফতরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সচিব আমাদের জানান যে এখনও এই বিষয়ে কোনও প্রস্তাব তাঁরা পাননি। যদি এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয় সময়মতো জানা যাবে।

অর্থাৎ সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে ভাইরাল ফটোকার্ডটি ভিত্তিহীন এবং রাজ্য সরকার এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।

ফলাফল

পশ্চিমবঙ্গ সরকার এখনও স্কুল-কলেজ পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাসে যাতায়াতের কোনও ঘোষণা করেনি। সম্প্রতি কর্নাটক সরকারের পক্ষ থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বাস পাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement