

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা।
এই ভিডিওতে একটি সাদা গাড়িকে ঘিরে জনাকয়েক ব্যক্তিকে বিক্ষোভরত অবস্থায় দেখা যাচ্ছে। গাড়িটি ঘিরে রয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পোশাকে থাকা সদস্যরা। কেউ কেউ আক্রমণাত্মকভাবে গাড়ির উপর হামলা করছেন। কেউ আবার কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। এক পর্যায়ে গাড়িটি সজোরে এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছে।

ভিডিওটি পোস্ট করে একে পশ্চিমবঙ্গের ভিডিও ঘটনা বলে দাবি করা হয়েছে। ক্যাপশনে কেউ কেউ লিখেছেন, “ভারতীয় সেনাবাহিনীর ওপর আক্রমণ তুলামূলের দুধেল গাইদের। পশ্চিমবঙ্গ কে কাশ্মীর বানানোর প্রচেষ্টা অব্যাহত।”
কেউ আবার লিখেছেন, “রাজ্য পুলিশের সামনেই দুষ্কৃতীদের আক্রমণের মুখে কেন্দ্রীয় বাহিনী। দেখুন বঙ্গবাসী।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের কোনও ঘটনা নয়, বরং ত্রিপুরার। গত ১২ এপ্রিল স্বশাসিত জেলা পরিষদ ভোটের সময় এই ঘটনাটি ঘটেছিল।
সত্য উদ্ঘাটন
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ভিডিও Ma Ria Db নামে ত্রিপুরার এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে পাওয়া যায়। এই ভিডিওটি গত ১২ এপ্রিল পোস্ট করা হয়েছিল। ভিডিওটির সঙ্গে ত্রিপুরার স্থানীয় ককবোরক ভাষায় একটি ক্যাপশন থেকে হয়, যা থেকে অনুমান করা যায় যে ঘটনাটি ত্রিপুরার হতে পারে।

ফেসবুকের কিছু ফিল্টার যোগ করে সার্চ করা হলে ত্রিপুরার একাধিক ডিজিটাল সংবাদ মাধ্যমে গত ১২ এপ্রিল পোস্ট করা একটি ভিডিও-সহ খবর পাওয়া যায়। এই ভিডিওটি একটি গাড়ির ভেতর থেকে রেকর্ড করা। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “মান্দাই কেন্দ্রের বেলবাড়িতে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মা যেভাবে আ*ক্রান্ত হয়েছিলেন সেই দৃশ্য।”
এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করে জানা যায়, গত ১২ এপ্রিল ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদ বা এডিসি কাউন্সিলের ভোট ছিল। সেই নির্বাচনের ত্রিপুরার মন্দাই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন রাজেশ দেববর্মা। তিনি যখন বেলবাড়িতে একটি নির্বাচনী কেন্দ্রে গেছিলেন তখন বিপক্ষ দল তিপরা মথা পার্টির সদস্যরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং হামলা চালায়।
ত্রিপুরার অন্যান্য ডিজিটাল মাধ্যমেও গাড়ির ভেতর থেকে যে ভিডিও রেকর্ড করা হয়েছে তার একটি দীর্ঘ সংস্করণ আপলোড করা হয়। এই ভিডিও-র সঙ্গে যখন ভাইরাল ভিডিওতে থাকা নানা দৃশ্যপট মেলানো হয়, তখন তা হুবহু মিলে যায়।
উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওতে ১৬ সেকেন্ড নাগাদ লাল শার্ট ও নীল জিন্স পরা এক যুবককে লাফিয়ে গাড়ির পিছনে লাথি মারতে দেখা যাচ্ছে। ঠিক সেই যুবককেই গাড়ির ভেতর থেকে রেকর্ড হওয়া ভিডিওতে ২ মিনিটের মাথায় গাড়ির ডানদিকে দেখা যাবে।

আবার ভিডিও-র শুরুতেই একটি একতলা ভবন দেখা যাচ্ছে যার নিকটে একটি সবুজ রঙের জলের ট্যাঙ্কি রয়েছে। গাড়ির ভেতর থেকে রেকর্ড হওয়া ভিডিওতেও এই একই ভবন ট্যাঙ্ক-সহ দেখা যাচ্ছে। যা থেকে বুঝতে বাকি থাকে না যে উভয় ভিডিও-ই একই ঘটনার।
অর্থাৎ, সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে চলতি মাসে ত্রিপুরায় ঘটনা একটি ঘটনাকে বর্তমানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর উপর তৃণমূলের হামলার দৃশ্য বলে ভুয়ো দাবি ছড়ানো হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল কর্মী সমর্থকেরা কীভাবে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করছে।
ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়। এটি ত্রিপুরার ঘটনা, যা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের সময় যখন মন্দাই কেন্দ্রের বেলবাড়ি এলাকায় বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার বিরুদ্ধে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে।