

রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হলেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পেতে পারে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে শুভেন্দু অধিকারীকে একটি বিতর্কিত মন্তব্য রাখতে দেখা যাচ্ছে।
ভাইরাল এই ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, “ভয় দেখাও বোম মারো। বোম আমি মারিয়ে দেব।” ভিডিওটি পোস্ট করে তৃণমূল কংগ্রেসের আধিকারিক ফেসবুক হ্যান্ডেল থেকে ক্যাপশনে লেখা হয়েছে, “শান্ত বাংলাকে অশান্ত করার পিছনে কার হাত, দেখে নিক বাংলার মানুষ! দিল্লির জমিদারদের চামচা শুভেন্দু অধিকারী প্রকাশ্য মঞ্চে বোমা মারার জন্য উস্কানি দিচ্ছে। বাংলায় নির্বাচনে কোনও অশান্তি হলে দায় নিতে হবে বিরোধী দলনেতাকেই। আসল দাঙ্গাবাজ কারা, বাংলার মানুষ আজ বুঝে গিয়েছে।”

অনেকেই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ভোট ঘোষণা হলেই বোমা মারার হুমকি—শুভেন্দু অধিকারীর মন্তব্যে তীব্র বিতর্ক।”
কেউ কেউ আবার এই একই ভিডিও পোস্ট করে শুভেন্দুর গ্রেফতারির দাবিও তুলেছেন।
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওতে শুভেন্দুর বক্তব্যটি অসম্পূর্ণ এবং প্রেক্ষাপট ছাড়া ছড়ানো হয়েছে।
সত্যতা যাচাই
শুভেন্দু সরাসরি বোমা মারার হুমকি দিয়েছেন কিনা এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে এই সংক্রান্ত কোনও বিশ্বস্ত নিউজ রিপোর্ট পাওয়া যায়নি। যদি শুভেন্দু বাস্তবেই সরাসরি হুমকি দিয়ে থাকতেন, তবে সেই নিয়ে অবশ্যই মূল ধারার সংবাদ মাধ্যমে খবর পাওয়া যেত।
এরপর ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই বক্তব্য়ের আসল এবং পূর্ণাঙ্গ ভিডিও শুভেন্দু অধিকারীর অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যায়। চলতি বছর ১ ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, “নন্দীগ্রামের আমদাবাদ ১ নং অঞ্চলে ৫ নং মণ্ডল বিজেপির কর্মীসভায় অংশগ্রহণ করলাম।”
এই ভিডিও-র ১৯ মিনিট ৪৫ সেকেন্ডের পর শুভেন্দুকে আলোচ্য মন্তব্যটি করতে শোনা যাবে। এই অংশের কিছুটা আগে থেকে বক্তব্য শুনলেই পরিষ্কার হয়ে যায় যে শুভেন্দুর তথাকথিত বোমা মারার মন্তব্যটি হুমকি নয়, বরং তৃণমূলকে কটাক্ষ। নিজের বক্তব্য়ে নারী নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি রাজ্যে হওয়া একাধিক ধর্ষণকাণ্ডের কথা উল্লেখ করেন যার মধ্যে আরজি কর এবং দুর্গাপুর ধর্ষণকাণ্ড শামিল ছিল। এরপর তিনি সম্প্রতি মেখলিগঞ্জে হওয়া এক নাবালিকার যৌন হেনস্থা নিয়েও সরব হন।
ভিডিও-র ১৯ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “১৩ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে। সর্বত্র হচ্ছে। এদের মডেল এক। শাহজাহানের মডেল। ভয় দেখাও, বোম মারো। বোম আমি মারিয়ে দেব, ভোটটা ঘোষণা হতে দেন।” অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুভেন্দু সরাসরি বোম মারার হুমকি দেননি বরং তৃণমূলকে বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ করেছিলেন।
সম্প্রতি কোচবিহারের মেখলিগঞ্জের জামালদাহ এলাকায় এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। জামালদহ ফাঁড়িতে ব্যাপক বিক্ষোভ দেখান নাবালিকার আত্মীয়রা। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নদীর ধারে কাঠ আনতে গেলে সে সময় প্রতিবেশী ষাটোর্ধ্ব বৃদ্ধ যৌন নির্যাতন করে ওই নাবালিকাকে। এমনকি ধারালো অস্ত্র দেখিয়ে হাত-মুখ চিপে ধরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রসঙ্গ টেনেই উক্ত মন্তব্য করেন শুভেন্দু।
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যের অংশবিশেষ ছড়িয়ে দাবি করা হচ্ছে যে তিনি বোমা মারার হুমকি দিয়েছিলেন। তবে বাস্তবে তিনি বলেন যে তৃণমূলের মডেল ভয় দেখানো ও বোমা মারা।

এই ভিডিওতে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বোমা মারার কথা বলতে শোনা যাচ্ছে।
ভিডিওটি অসম্পূর্ণ ও প্রেক্ষাপটহীন। বাস্তবে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলছিলেন যে ভয় দেখানো ও বোমা মারা হলো তৃণমূল কংগ্রেসের মডেল।