সোনাগাছির ঘর থেকে উদ্ধার কিশোরীখাস কলকাতায় চাঞ্চল্যকর কাণ্ড। সোনাগাছির ঘর থেকে উদ্ধার করা হল এক কিশোরীকে। প্রেমিকের’ সঙ্গে বাড়ি থেকে পালানোর পর তাঁকে এক ব্যক্তির কাছে ‘বিক্রি’ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশের কাছে খবর পৌঁছানো মাত্রই এক ঘণ্টার মধ্যে রেড লাইট এরিয়া থেকে ১৬ বছরের ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই কিশোরীকে সোনাগাছি এলাকার একটি ঘর থেকে উদ্ধার করা হয়। পুলিশ হেল্পলাইনে ফোন এবং চাইল্ড হেল্পলাইনে ই-মেল পাওয়ার পরই অভিযানে নামে পুলিশ। কিশোরীকে উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় শফিকুল মোল্লা (২০) এবং সাহারুল লস্কর (৩৯) নামে দুই অভিযুক্তকেও।
এক সিনিয়র পুলিশ আধিকারিক বলেন, "কিশোরীর তথ্য পাওয়ার পরই বড়বাজার থানার একটি দল সঙ্গে সঙ্গে সোনাগাছি এলাকায় তল্লাশি শুরু করে। এক ঘণ্টার মধ্যেই কিশোরীকে উদ্ধার করা হয়।"
পুলিশকে কিশোরী জানিয়েছে, শফিকুল মোল্লা নামে ২০ বছরের যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁর সঙ্গেই বাড়ি থেকে কলকাতায় চলে এসেছিল সে। এরপর সোনাগাছিতে সাহারুল লস্করের কাছে তাঁকে বিক্রি করে দেওয়া হয় বলে পুলিশকে জানিয়েছেন কিশোরী। তাঁর পরিচয় ইতিমধ্যেই নিশ্চিত করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শফিকুল মোল্লা উত্তর ২৪ পরগনার শ্যামনগরের গারুলিয়ার বাসিন্দা। অন্যদিকে, সাহারুল লস্কর দুর্গাচরণ মিত্র স্ট্রিটের বাসিন্দা। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় BNS, পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।