কলকাতার ট্র্যাফিক আপডেটমঙ্গলবার অদ্ভুত এক ২১ জুলাই দেখতে চলেছে পশ্চিমবঙ্গ। এই দিন কলকাতার বুকে তিনটি শহিদ দিবস পালিত হবে। কালীঘাট তৃণমূল শিবির শহিদ দিবস পালন করবে বিড়লা তারামণ্ডলের সামনে। আবার বিদ্রোহী ঋতব্রত শিবির কর্মসূচি পালন করবে গান্ধী মূর্তির নীচে। ওদিকে আবার কংগ্রেস শহিদ মিনারের তলায় আজকের দিনটি পালন করবে। আর এই তিন কর্মসূচির জন্য শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
আজ কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ হবে?
এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। তারা জানিয়েছে, নিউ রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, কলকাতার এই সব রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে ২১ জুলাই উপলক্ষে। এই সব রাস্তা দিয়ে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মালবাহী গাড়ি চলবে না। তবে এলপিজি, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধের গাড়িতে ছাড় রয়েছে।
নো পার্কিং জোন কোথায় থাকবে?
আজ শহরের একাধিক রাস্তায় থাকবে নো পার্কিং জোন। সেখানে বাইক, গাড়ি পার্ক করা যাবে না। এই তালিকায় রয়েছে হেস্টিংস মোড় থেকে ক্যাথেড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোডের অংশ, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও লাভার্স লেন এলাকা।
কড়া হচ্ছে নিরাপত্তা
আজ ২১ জুলাই। কলকাতায় শহিদ দিবস পালনে নামছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির এবং কংগ্রেস। যার জেরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। এ দিন তিনটি রাজনৈতিক সভাকে কেন্দ্র করে শহিদ মিনার, গান্ধী মূর্তি ও বিড়লা তারামণ্ডলের সামনে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রায় ১০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে খবর।
এছাড়া কোথাও যাতে কোনও ঝামেলা অশান্তি না ছড়াতে পারে, তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে কলকাতা পুলিশের তাবড় অফিসাররা পরিস্থিতির উপর নজর রাখবেন।