সংগৃহীত ছবিডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতা বিমানবন্দরে তাঁর কাছ থেকে গুলি ও ম্যাগাজ়িন উদ্ধার হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় এই পদক্ষেপ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল গত বছরের ২১ সেপ্টেম্বর মুম্বইগামী একটি বিমানে উঠতে গেলে তাঁকে আটক করা হয়। অভিযোগ, তাঁর ব্যাগ থেকে ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজ়িন উদ্ধার হয়। ওই ঘটনায় বিমানবন্দর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছিল।
তদন্তকারী আধিকারিকদের দাবি, সে সময় কাউন্সিলর কোনও বৈধ লাইসেন্স বা নথি দেখাতে পারেননি। যদিও জিজ্ঞাসাবাদের সময় আমিরুল দাবি করেছিলেন, তাঁর কাছে প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে এবং তা জমা দেওয়ার জন্য তিনি কিছুটা সময় চান। পুলিশ তাঁকে সাত দিনের সময় দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই নথি জমা দিতে পারেননি।
এরপরই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। প্রায় সাত মাস পর মামলাটি ফের সক্রিয় হয় এবং মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার তাঁকে আদালতে তোলা হতে পারে।