শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কলকাতার গিরিশ পার্ক থানা চত্বর।পুলিশের নোটিস মেনে থানায় হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর থানায় পৌঁছনোকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কলকাতার গিরিশ পার্ক থানা চত্বর। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান থেকে শুরু করে ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। গোটা পরিস্থিতি নিয়ে সরব তৃণমূল বিধায়ক-নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, থানার বাইরে বিজেপির জমায়েত থেকে অশান্তি ছড়ানো হয়েছে। এমনকি তৃণমূলের মহিলা কর্মীদেরও 'তাড়া করা হয়েছে' বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিয়ো পোস্ট করেন কুণাল। সেখানে থানা চত্বরের ভিড় এবং উত্তেজনার ছবি দেখা গিয়েছে। পোস্টে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
কুণালের বক্তব্য, পুলিশের নোটিস মেনেই অভিষেক থানায় গিয়েছেন। আগে থেকেই পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানানো হয়েছিল। তার পরেও কীভাবে থানার বাইরে বিজেপি কর্মীদের জমায়েত এবং বিক্ষোভ চলল, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
মহিলা কর্মীদের 'তাড়া' করার অভিযোগ
ফেসবুক পোস্টে কুণালের দাবি, বিজেপি কর্মীরা তৃণমূলের মহিলা কর্মীদের দিকে তেড়ে যান। মারধরের হুমকি দিয়ে স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেছেন তৃণমূল নেতা।
কোন মামলায় থানায় অভিষেক?
উল্লেখ্য, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় মামলা দায়ের হয়েছিল। গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক। সরকার পরিবর্তন হলে কয়েক জন পুলিশ আধিকারিককে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এক মহিলা ৩১ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেন।
সেই মামলার তদন্তের স্বার্থে অভিষেককে হাজিরার নোটিস পাঠায় পুলিশ। ২০ নভেম্বর দুপুর ১টার মধ্যে তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নোটিস মেনেই এদিন গিরিশ পার্ক থানায় যান।