একাধিক গুরুতর অভিযোগ অভিষেকেরঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। এবার তাঁকে শো কজ নোটিস দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে না, সেটা জানতে চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যা নিয়ে প্রতিক্রিয়া দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ।
জানা যাচ্ছে, গত ৭ নভেম্বর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই পোস্টের প্রেক্ষিতেই অভিষেকের বিরুদ্ধে ওঠা এবার আদালত অবমাননার অভিযোগের ভিত্তিতে শোকজ নোটিস দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে কলকাতা হাইকোর্ট নোটিস দেওয়ার পরেও বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হলে আদালত স্থগিতাদেশ দিয়েছে। আমার বিরুদ্ধে এফআইআর হলে, তা হয় না। আইন সকলের জন্য এক হওয়া উচিত। আমার জন্য নিয়ম আলাদা। বিজেপি নেতাদের জন্য আলাদা।’
নোটিস পেয়ে বিচারব্যবস্থা নিরপেক্ষ নয় বলে ফের মন্তব্য করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট শোকজ করার পরেই ফের বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিষেকের দাবি, বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন,‘আমার বাড়িতে আক্রমণ হল আর আমার বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছে। সেখানে আমি না কি শ্লীলতাহানি করেছি!’
কী বললেন অভিষেক?
মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক প্রশ্নে তোলেন, 'আইন সকলের জন্য এক। আমার আর অন্যের জন্য আলাদা হবে কেন?' এর পরেই গর্জে উঠে তৃণমূল সাংসদ বলেন, 'আগেও বলেছি, এখনও বলছি, বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়।' পাশাপাশি অভিষেক দাবি করেন, তিনি কখনও বলেননি কোনও বিচারপতি বিজেপির। কিন্তু একই সঙ্গে অভিষেক জানান, 'আমি বলেছি বিচারপতিদের উপর বিজেপির চাপ আছে।' এর পরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, অর্জুন সিংয়ের প্রসঙ্গ তুলে সরব হন তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক। প্রশ্ন তোলেন, 'আমাকে শোকজ নোটিস দেওয়া হলে, জ্ঞানেশ কুমারকে কেন দেওয়া হবে না?' তাঁর কথায়, 'অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল। আদালত তাঁকে প্রোটেক্ট করেছে। আদানির মামলা কলকাতায় হলে একদিনে শুনানি হয়। আমি একজন সাংসদ হওয়ার পরেও আমার মামলা দেরিতে হয়।' এর পরেই গর্জে উঠে অভিষেক বলেন, 'আগেও বলেছি, এখনও বলছি, বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়।' বিচার ব্যবস্থার উপর তাঁর আস্থা আছে বোঝাতে অভিষেক বলেন, 'বাংলায় হেরেছি, কারণ সুপ্রিম কোর্টকে ভরসা করেছিলাম।'
প্রসঙ্গত, আদালত অবমাননার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবারই শোকজ নোটিস দেয় কলকাতা হাইকোর্ট। বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে গত ৭ নভেম্বর সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিষেক। নাম নেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও-এর, যাঁর এজলাসে তাঁর নিরাপত্তা জনিত মামলার শুনানি চলছে। সেই নিয়ে আদালত অবমাননার মামলার আর্জি জানায় রাজ্য সরকার। বিষয়টি বিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। কেন আদালত অবমাননার রুল জারি হবে না, শোকজে জানতে চাওয়া হয়েছে অভিষেকের কাছে। তাঁর জবাব তলব করা হয়েছে ১৫ দিনের মধ্যে।