অভিষেক বন্দ্যোপাধ্যায়আবারও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে ফের তাঁর কালীঘাটের বাড়িতে নোটিস ধরাল পুলিশ। হুমকি দেওয়ার অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদকে তলব করেছে গিরিশ পার্ক থানার পুলিশ।
জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর বেলা ১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে গিরিশ পার্ক থানায়। শুধু তাই নয়, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়েছে।
সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা ও অন্যান্য পুলিশকে নিয়ে হুমকির সুরে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ৩১ অক্টোবর ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেখানে বলা হয়, বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক এমন কিছু বক্তব্য রেখে ছিলেন, যাতে পুলিশকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। তারপরই মমতা তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে গিরিশ পার্ক থানায় FIR দায়ের হয়।
গত বৃহস্পতিবার সাতসকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন চলে। ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে ফুটপাথের উপর বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়। অস্থায়ী ওই শেড ভেঙে ফেলার পর বাঁশগুলি সেখান থেকে সরিয়ে ফেলেন পুরসভার কর্মীরা। পরিষ্কার করে দেওয়া হয় ফুটপাথ। শুধু তাই নয় অভিষেকের বাড়ির সামনে ফুটপাথের উপর যে কালো লোহার গেট ছিল, সেটি প্রথমে গ্যাসকাটার দিয়ে কেটে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভেঙে ফেলা হয় বাড়ির সামনের শহিদ বেদীও।
আশঙ্কা প্রকাশ করে অভিষেক এক্স হ্যান্ডলে লেখেন, ‘আবারও আমার উপর হামলার ছক কষা হচ্ছে।’ ভাইফোঁটার দুপুরে একটি ভিডিও পোস্ট করেন মমতা তৃণমূলের সাংসদ। যেখানে দেখা গিয়েছে, সাদা হেলমেট মাথায় একটি এক ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছেন, পিছনে আরও একজন বসে আছেন, তাঁর মাথাতেও ছিল সাদা হেলমেট। ঠিক বাড়ির নীচে আরও একটি কলকাতা পুলিশ লেখা বাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভিডিওতে। একজন ব্যক্তি বাইক থেকে নেমে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে অভিষেকের বাড়ির দিকে তাকাচ্ছেন। এই ভিডিও পোস্ট করেই অভিষেকের দাবি, তাঁর বাড়িতে ফের হামলার ছক কষা হচ্ছে। অভিষেকের প্রশ্ন, ‘আমাকে ভয় দেখিয়ে, হামলা চালিয়ে, আমার কণ্ঠরোধ করতেই কি এত মরিয়া প্রশাসন?'