Abhishek Banerjee: মার খাওয়ার ঘটনা নিয়ে স্পিকারকে 'নালিশ' করবেন অভিষেক, যাবেন কোর্টেও

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর উপর হওয়া হামলার ঘটনা নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছেন। তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে গোটা বিষয় সম্পর্কে অবহিত করবেন। পাশাপাশি আইনের দ্বারস্থও হচ্ছেন তিনি।

Advertisement
মার খাওয়ার ঘটনা নিয়ে স্পিকারকে 'নালিশ' করবেন অভিষেক, যাবেন কোর্টেও
হাইলাইটস
  • হামলার ঘটনা নিয়ে এবার বড় পদক্ষেপ
  • লোকসভার স্পিকারকে গোটা বিষয় সম্পর্কে জানাবেন
  • আইনের দ্বারস্থও হতে চলেছেন অভিষেক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর উপর হওয়া হামলার ঘটনা নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছেন। তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে গোটা বিষয় সম্পর্কে অবহিত করবেন। 

সংবাদসংস্থা এএনআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, দলের তরফে জানা গিয়েছে, এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপও করতে চলেছেন এবং শীঘ্রই আদালতের দ্বারস্থ হবেন। 

তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে দল। বিষয়টি সংসদের স্পিকারের নজরে আনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন করা হবে। ঘটনার বিস্তারিত তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করা হতে পারে। 

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রায় ৩ সপ্তাহ পর শনিবার প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ও কলকাতার বেলেঘাটায় আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি।  তবে সোনারপুরে ঘটে বিপত্তি। 

সেদিন ঘটনাস্থলে পৌঁছতে না পৌঁছতেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেককে। অভিষেককে ঘিরে চোর স্লোগান ওঠে। তারপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তাঁর দিকে ডিম, পাথর, জুতো ছোড়া হয়। মারধর করা হয় তৃণমূল সাংসদকে। ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামা। চলে অশ্রাব্য গালিগালাজ। 

অভিষেককে নিয়ে শহরের ২টি হাসপাতাল ঘোরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, উপরতলার চাপে কোনও হাসপাতাল ভর্তি নিতে চায়নি অভিষেককে। যদিও ২টি হাসপাতালেরই চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানান, তাঁকে ভর্তি রাখার প্রয়োজনীয়তা নেই। বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।

বিরোধী দেশের প্রথম সারির রাজনৈতিক নেতারা কড়া ভাষায় সমালোচনা করেছেন এবং তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন এই ঘটনায়। সহমর্মিতা প্রকাশ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এই নিয়ে রাহুলকে ধন্যবাদ জানান অভিষেকও। 

মার খাওয়ার পর নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক বলেন, 'নীতি বিসর্জন দিয়ে আরামে থাকার চেয়ে আমি বরং গণতন্ত্র রক্ষা করতে গিয়ে ভীতি প্রদর্শনের মুখোমুখি হব। ক্ষমতা ক্ষণস্থায়ী। জনগণের ইচ্ছেই চিরস্থায়ী। আমি কেবল জনগণের সামনেই মাথা নত করব, ক্ষমতায় থাকা ব্যক্তিদের সামনে কখনো নয়। যারা গণতন্ত্রকে দুর্বল করতে এবং আমাদের দেশকে বিভক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement