BDO Prashanta Barman: খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের মদ্যপ অবস্থায় পথচারীকে ধাক্কা নিউটাউনে, ভিডিও ভাইরালসল্টলেকের নামী স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত তথা জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও (BDO) প্রশান্ত বর্মনের কীর্তি এবার খাস কলকাতায়! এবার মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানো এবং তারপর সাধারণ মানুষের ওপর ‘দাদাগিরি’ করার মারাত্মক অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ নিউটাউনের সারচী সিগন্যালের সামনে এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে নেটপাড়ায় আলোড়ন ফেলা এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিকে।
সল্টলেক ও নিউটাউনের স্থানীয় পথচারী এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সোমবার রাতে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন আকণ্ঠ মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সারচী সিগন্যালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এক বাইকচালককে সজোরে ধাক্কা মারেন। ইমপ্যাক্ট এতটাই জোরালো ছিল যে, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম হন ওই চালক। কর্তব্যরত পুলিশকর্মীরা তড়িঘড়ি ছুটে এসে রক্তাক্ত বাইক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে শেষ পর্যন্ত বিডিওকে গ্রেফতার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে সূত্রের খবর ওই বিডিওকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জনবহুল এলাকায় কেন এভাবে মত্ত অবস্থায় জীবনকে ঝুঁকিতে ফেলে গাড়ি চালানো হলো, এই নিয়ে উপস্থিত স্থানীয় পথচারীদের মধ্যে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন এবং বিডিও-র গাড়ির সামনে চড়াও হয়ে তীব্র প্রতিবাদ জানান। কিন্তু ভুল স্বীকার করা তো দূর অস্ত, জনতা প্রতিবাদ করতেই কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন বিডিও প্রশান্ত বর্মন বলে অভিযোগ। গাড়ি থেকে নেমে মদ্যপ অবস্থায় রীতিমতো রাজপথের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও পুলিশের সামনেই ‘দাদাগিরি’ ও তর্জন-গর্জন শুরু করে দেন তিনি। একজন খুনের মামলার অভিযুক্ত কীভাবে এখনও সরকারি পদে থেকে এমন দাপট দেখাচ্ছেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে ভিডিও করেন এক ব্যক্তি।