যোগ দিবস ও NEET পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা২১ জুন রয়েছে বাতিল হওয়া নিট-ইউজি পরীক্ষা। অর্থাৎ আগামী রবিবার হতে চলেছে নির্ধারিত ‘নিট ইউজি’ (NEET UG) ২০২৬-এর পুনর্পরীক্ষা। এদিন রেড রোডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। ১২ তম যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন সকাল ৬.৩০ টায় সমবেত হবেন সকলে। ৭ টায় কার্যক্রম শুরু হবে। আর এই দুই মেগা ইভেন্টের কারণে ২১ জুন অর্থাৎ রবিবার ব্লু লাইন, গ্রিন লাইন ও ইয়েলো লাইনে অতিরিক্ত পরিষেবা দেওয়ার ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। রবিবার ভোর ৪টে থেকে মিলবে মেট্রো পরিষেবা।
রেড রোডে আয়োজিত ‘আন্তর্জাতিক যোগ দিবস’-এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী যাত্রী এবং NEET-UG পরীক্ষা, ২০২৬-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে, মেট্রো রেলওয়ে আগামী রবিবার (অর্থাৎ ২১.০৬.২০২৬) ভোর ৪টে থেকে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে পরিষেবা চালু করবে। ভোরবেলার যাতায়াত সহজ করার লক্ষ্যে এই করিডোরগুলিতে অতিরিক্ত পরিষেবা চালু করা হবে। তবে টার্মিনাল স্টেশনগুলি থেকে শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ব্লু লাইন
২১ তারিখে ব্লু লাইনে মোট ২১৪টি পরিষেবা (১০৭টি আপ ও ১০৭টি ডাউন) চালানো হবে,উল্লেখ্য, বর্তমানে রবিবারগুলিতে ১৫২টি পরিষেবা চালু থাকে। ভোর ৪:০০টা থেকে সকাল ৮:০০টার মধ্যে আপ ও ডাউন—উভয় অভিমুখেই ১৪ মিনিট ও ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চালু থাকবে।
প্রথম পরিষেবা:
* ভোর ৪:০০টায়, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত (সকাল ৯.০০ টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত (সকাল ৯.০০ টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম (বিশেষ পরিষেবা)
* ভোর ৪:০০টায়, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৯.০০ টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৯.০০ টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর (বিশেষ পরিষেবা)
গ্রিন লাইন
২১ তারিখে গ্রিন লাইনে রবিবার-ভিত্তিক বর্তমান ১০৮টি পরিষেবার পরিবর্তে মোট ১৭৩টি পরিষেবা (৮৭টি আপ ও ৮৬টি ডাউন) পরিচালিত হবে। ভোর ৪:০০টা থেকে সকাল ৯:০০টা পর্যন্ত উভয় দিকে ১৫ মিনিট ও ১০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চলবে। এরপর থেকে রবিবার-ভিত্তিক স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
প্রথম পরিষেবা:
* ভোর ৪:০০টায়, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ (সকাল ৯:০০টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান (সকাল ৯:০২টার পরিবর্তে)
ইয়েলো লাইন
২১ তারিখে ইয়েলো লাইনে মোট ১১২টি পরিষেবা (৫৬টি আপ ও ৫৬টি ডাউন) চালানো হবে, উল্লেখ্য, বর্তমানে রবিবারগুলিতে ৭৮টি পরিষেবা চালু থাকে। ভোর ৪:১৮ থেকে সকাল ৯:০০টা পর্যন্ত আপ ও ডাউন—উভয় অভিমুখেই ১৮ মিনিট ও ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চলবে। এরপর থেকে রবিবার অনুযায়ী স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
প্রথম পরিষেবা:
* ভোর ৪:১৮-টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (সকাল ৯:১৮-র পরিবর্তে)
* ভোর ৪:৪০ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (সকাল ৯:৪০-এর পরিবর্তে)
ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে শেষ মেট্রো পরিষেবার সময়ে কোনো পরিবর্তন হবে না। ওই দিন পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা চালু থাকবে না।