তাঁর আশ্বাস, শুধু কথার কথা নয়, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।'ঝাড়গ্রাম, আদিবাসী এলাকা, ঝাড়খণ্ড, বিহারের এলাকায় অনেক সময় এমন ঘটনার কথা শুনেছি। পশ্চিমবঙ্গেও আগের সরকারের আমলে শুনেছি। কিন্তু আমার সরকারের সময়ে যদি এই ঘটনা ঘটে থাকে, কাউকে রেয়াত করা হবে না।' বেহালার সরশুনায় যুবক, তাঁর বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ঘটনায় এমনই প্রতিক্রিয়া দিলেন অগ্নিমিত্রা পল। তাঁর আশ্বাস, শুধু কথার কথা নয়, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
কলকাতার বুকে এমন ঘটনা ঘটতে পারে, তা ভেবেই শিউরে উঠছেন বলে জানান অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, এই ঘটনায় যাঁরা জড়িত, তাঁরা কেউ ছাড় পাবেন না। বলেন, 'আমি প্রথম এসে যখন এই ঘটনাটি শুনলাম, শিউড়ে উঠেছি। আমার কলকাতায় এগুলি ভাবাই যায় না।' কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে বলেন, 'শুধু ডায়লগবাজি নয়। একদম হাতেনাতে আপনারা দেখতে পাবেন। যে করেছে, যারা করেছে, তারা ছাড় পাবে না।'
ঘটনাটি ঘটে রবিবার সরশুনা থানার অন্তর্গত বসুন্ধরা পার্ক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক কিশোরের সঙ্গে নাবালিকার সম্পর্ককে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। অভিযোগ, ছেলেটি ও তাঁর বন্ধুকে একটি বাড়িতে আটকে মারধর করে কিশোরীর বাবা-মামা। পরে সেই ছেলের বাবাকেও সেখানে ডেকে পাঠানো হয়। তিনজনকেই বন্দুক দেখিয়ে সম্পূর্ণ বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়। ঘটনায় সম্পূর্ণরূপে মানসিকভাবে ভেঙে পড়েছেন দুই কিশোর ও তার বাবা।
ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কিশোরীর বাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিশোরীর মামাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিশোরীর বাবা, মা ও মামাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে কিশোরীর বাবা ও মামার জামা খুলিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটায় পুলিশ-প্রশাসন।
আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।