অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কখন ঢুকবে প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই। সেই মতো বুধবার, ১ জুলাই ১ লক্ষ ৩০ হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছনোর কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে সকলেরই টাকা একসঙ্গে অ্যাকাউন্টে রিফ্লেক্ট করবে না। সেক্ষেত্রে আবেদন করা সত্ত্বেও যদি অ্যাকাউন্টে ৩ হাজার টাকা না আসে, তাহলে কী করবে? কখন ঢুকবে টাকা? সবটা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
কত জন অযোগ্য?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১ লক্ষ ৬০ লক্ষ মহিলা এই ধাপে আবেদন করেছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তার মধ্যে ২৬ লক্ষ অযোগ্য বিবেচিত হয়েছে। ১ কোটি ৩০ লক্ষের বেশি ঝাড়াই বাছাইতে যোগ্য বিবেচিত হয়েছেন। ১ কোটি ১০ লক্ষের অ্যাকাউন্টে দুপুর ১টাতেই ঢুকে গিয়েছে টাকা।
বাকি ২০ লক্ষ মহিলা কখন পাবেন ৩ হাজার?
এদিন শুভেন্দু সকলকে আশ্বাস দিয়ে বলেন, 'বাকিরাও আজকেই টাকা পেয়ে যাবেন। সরকারি পোর্টালে আপলোড হতে হতেই টাকা ঢুকতে শুরু করবে অ্যাকাউন্টে। আজ রাতের মধ্যেই সকলে ৩ হাজার টাকা ভাতা পেয়ে যাবেন।'
লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক সংখ্যা অর্ধেক হল?
মুখ্যমন্ত্রী বলেন, 'অনেকেই মন্তব্য করছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বরাদ্দ মাত্র ১ হাজার বাড়ানো হয়েছে। আর সে কারণে অর্ধেক করে দেওয়া হয়েছে প্রাপক সংখ্যা। আমরা এটাকে ভাতা বলি না, আমরা বলি অধিকার। যোগ্য মা-বোনেরা বাদ যাবেন না। লক্ষ্মী ভাণ্ডারের ২ কোটির কাছাকাছি প্রাপক ছিলেন। সার্ভে করে দেখলাম, ২৭ লক্ষ এমন রয়েছেন যাঁরা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এছাড়াও মৃত, স্থানান্তরিত ব্যক্তির নাম রয়েছে। ৩ জায়গায় অ্যাকাউন্ট রয়েছে এমন কেউ কেউও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। তাঁদেরই নাম কেটেছি।'
কোন বিভাগে কত 'অন্নপূর্ণা'?
২৬ লক্ষ ৬৩ হাজার ৫৫৫ জন রয়েছেন তফশিলি মহিলা প্রাপক। ৫ লক্ষের কাছাকাছি আদিবাসী মহিলা পেলেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার। এছাড়াও পাহাড়ি এলাকায় নেপালি, গোর্খা মিলিয়ে আরও ১ লক্ষ ২২ হাজার ২২৮ জন এই প্রকল্পের টাকা পাচ্ছেন বলে জানালেন শুভেন্দু অধিকারী।
বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসে CAA-তে আবেদন করেছেন, তাঁদের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। পাশাপাশি ট্রাইব্যুনালে আবেদনকারীদেরও বাতিল বলে ঘোষণা না করা পর্যন্ত ভাতা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,জনকল্যাণ শিবিরে ৮ লক্ষ ১৫ হাজার আবেদন করেছিলেন। তাঁরা সকলেই টাকা পাচ্ছেন।