প্রতীকি ছবি চলতি মাসের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করেছেন মহিলারা। ২১ অগাস্ট পর্যন্ত এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তবে এই মাসে টাকা পেয়েছেন বলেই পরের মাসে সব্বাই পাবেন, এমন কোনও নিশ্চয়তা নেই। জানিয়েছেন রাজ্যের নারী ও সমাজকল্যাণ দফরের মন্ত্রী মালতি রাভা রায়।
তিনি জানিয়েছেন, এই মাসে টাকা পেলেও যদি পরে দেখা যায় কোনও মহিলা অযোগ্য, তাহলে তিনি টাকা আর পাবেন না। এখনও কারা টাকা পাওয়ার যোগ্য আর কারা নন, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও দাবি করেন। মন্ত্রীর কথায়, '১৭ অগাস্ট অনেকই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। এখনও এনকোয়ারি চলছে। পরবর্তীতে যদি দেখা যায় তাঁরা অযোগ্য তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে তাঁদের নাম বাতিল হবে।'
মঙ্গরবার রাজ্য সরকারের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে দলের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মালতি। সেখানে তিনি অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গে বলতে গিয়ে দাবি করেন, এখনও পর্যন্ত তদন্তের কাজ শেষ হয়নি। প্রায় ৫৬ লক্ষ নাম এনকোয়ারির মধ্যে আছে। তা শেষ হলে তবেই পোর্টাল খুলে দেওয়া হবে।
তিনি বলেন, 'বিগত সরকার ১০ লক্ষ পুরুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মৃত মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। ওরা ৫০০ টাকা দিয়ে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের আগে ১৫০০ করেছিল। সেখানে নতুন সরকার ক্ষমতায় আসার একমাসের মধ্যে প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা করে দিতে শুরু করেছে।'
এখন টাকা পেলেও পেলেও কারা সামনে মাসে নাও পেতে পারেন?
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, শর্ত মেনেই টাকা দেওয়া হবে। সরকার এক্ষেত্রে কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। সেই সুরই শোনা গেল নারী ও সমাজকল্যাণ দফরের মন্ত্রীর মুখে। তিনি বলেন, 'যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে আগামী ২১ তারিখের মধ্যে টাকা ঢুকবে। যাঁদের টাকা ঢোকেনি, হয়তো তাঁদের ব্যাঙ্কে সমস্যা রয়েছে। নয়তো ফর্ম ফিলাপ করতে ভুল করেছে। তবে এনকোয়ারি চলছে। প্রকৃত যোগ্যরা সকলেই পাবেন। কেউ বঞ্চিত হবেন না। কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় কেউ অযোগ্য তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে তাঁর নাম বাতিল হবে।'
প্রসঙ্গত,রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতি মাসে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি সরকার। নতুন কিস্তির টাকা গত ১৭ তারিখ থেকে ঢোকা শুরু হয়েছে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রথম জুন মাসে সরকার ২৮ লক্ষ জনকে টাকা দিয়েছিল। জুলাই মাসে সেই সংখ্যা ছিল ১ কোটি ১৯ লক্ষ। সেবারও অনেকে টাকা পাননি বিভিন্ন কারণে। তবে এবারে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন।