ছট পুজোর মধ্যেই কলকাতায় AQI 'খারাপ' স্তরেছটপুজোর আবহে বাজি ফাটানোর জেরে কলকাতার একাধিক এলাকায় খারাপ হল বাতাসের গুণমান। রবিবার শহরের দুটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্রে বায়ুর গুণমান পৌঁছে গেল ‘খারাপ’ (Poor) পর্যায়ে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন।
কলকাতার কোথায় বাতাসের গুণমান কত?
পর্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এলাকায় AQI-এর মাত্রা ছিল ২১৯। অন্যদিকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় AQI পৌঁছেছে ২১২-তে। দুটি এলাকাতেই বাতাসের গুণমান ‘খারাপ’ পর্যায়ে ছিল। অন্যদিকে, বালিগঞ্জে AQI ছিল ১৬১ এবং বিধাননগরে ১৪৬। এই দুই এলাকার বাতাসের গুণমান ছিল ‘মাঝারি’ (Moderate) পর্যায়ে।
পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন, কলকাতার বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রায় উল্লেখযোগ্য পার্থক্য দেখা গিয়েছে। বিশেষ করে শহরের উত্তর ও মধ্য কলকাতার পর্যবেক্ষণ কেন্দ্রগুলিতে দূষণের মাত্রা তুলনামূলক বেশি ছিল।
কখন বাতাসের গুণমান 'খারাপ', কখন 'মাঝারি' হয়?
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) নিয়ম অনুযায়ী, AQI ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খারাপ’ বলে ধরা হয়। দীর্ঘক্ষণ এমন পরিবেশে থাকলে শ্বাসকষ্ট হতে পারে। বিশেষ করে যাঁদের আগে থেকেই শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। অন্যদিকে, ১০০-২০০ এর মধ্যে AQI থাকলে তাকে সন্তোষজনক ধরে নেওয়া যেতে পারে।
উল্লেখ্য বিষয় হল, ছটপুজোর সময় প্রায় দিওয়ালির মতোই কলকাতায় বিস্তর বাজি ফাটার অভিযোগ উঠেছে। কখনও কখনও রাস্তাতেই শব্দবাজি ফাটানো হয়েছে বলে অভিযোগ। আবার সন্ধ্যায় আলোর রোশনাই দেখা গিয়েছে একাধিক এলাকায়। ফলে মানুষ উৎসবে মাতলেও, পরিবেশকে মূল্য চোকাতে হচ্ছে। বাতাসের AQI নেমে গিয়েছে 'খারাপ' পর্যায়ে।