Bangladesh Salary Hike 2026 : বাংলাদেশে সরকারি কর্মীদের বেতন বাড়ল ১০০-১৪২%, শিক্ষক-সরকারি আধিকারিকরা কত টাকা পাবেন?

লেভেল ১ থেকে ৩-এ প্রারম্ভিক মূল বেতন প্রায় ১৭ হাজার টাকা। ক্লার্ক ও কনস্টেবলরা সাধারণত ৪ থেকে ৮ নম্বর লেভেলের মধ্যে পড়েন। তাঁদের প্রারম্ভিক মূল বেতন ১৯ হাজার ৭০০ টাকা থেকে ২২ হাজার ৭০০ টাকা।

Advertisement
বাংলাদেশে সরকারি কর্মীদের বেতন বাড়ল ১০০-১৪২%, শিক্ষক-সরকারি আধিকারিকরা কত টাকা পাবেন?   প্রতীকী ছবি
হাইলাইটস
  • নতুন বেতনস্কেলে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা
  • এর সঙ্গে সরকারি কর্মীরা DA, বাড়িভাড়া-সহ বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা পেয়ে থাকেন

সোমবার জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে বাংলাদেশ সরকার। নতুন বেতনস্কেলে দেশের সরকারি কর্মী ও শিক্ষকদের বেতন বাড়তে চলেছে ১০০ থেকে ১৪২ শতাংশ। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ২০টি গ্রেডের সরকারি কর্মীদের মূল বেতন বাড়ানো হচ্ছে।

নতুন বেতনস্কেলে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। ২য় গ্রেডে ৬৬ হাজার-৭৬ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার-১ লাখ ৫৩ হাজার টাকা। ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০-৯৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার-১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। ৪র্থ গ্রেডে ৫০ হাজার-৯১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ-১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

৫ম থেকে ১১তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ। ১২তম গ্রেডে এই হার ১১৫ শতাংশ, ১৩তম গ্রেডে ১১৮ শতাংশ, ১৪তম গ্রেডে ১৩০ শতাংশ, ১৫ ও ১৬তম গ্রেডে ১৩৫ শতাংশ, ১৭তম গ্রেডে ১৩৮ শতাংশ, ১৮তম গ্রেডে ১৩৯ শতাংশ, ১৯তম গ্রেডে ১৪১ শতাংশ এবং ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ।

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের মূল বেতন কত

পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের বেতন বর্তমানে ROPA 2019 কাঠামো অনুযায়ী নির্ধারিত হয়। এই কাঠামোয় কর্মীদের বেতন Pay Level অনুযায়ী নির্ধারিত।

লেভেল ১ থেকে ৩-এ প্রারম্ভিক মূল বেতন প্রায় ১৭ হাজার টাকা। ক্লার্ক ও কনস্টেবলরা সাধারণত ৪ থেকে ৮ নম্বর লেভেলের মধ্যে পড়েন। তাঁদের প্রারম্ভিক মূল বেতন ১৯ হাজার ৭০০ টাকা থেকে ২২ হাজার ৭০০ টাকা।

শিক্ষক ও অফিসাররা ৯ থেকে ১৪ নম্বর লেভেলের আওতায় থাকেন। তাঁদের প্রারম্ভিক মূল বেতন ২৮ হাজার ৯০০ টাকা থেকে ৩৯ হাজার ৯০০ টাকা। অন্যদিকে ১৫ থেকে ২৪ নম্বর লেভেলে থাকা সরকারি কর্মীদের প্রারম্ভিক মূল বেতন প্রায় ৪২ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত।

Advertisement

তবে এগুলি হল প্রারম্ভিক মূল বেতন। এর সঙ্গে সরকারি কর্মীরা DA, বাড়িভাড়া-সহ বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। প্রতি বছর জুলাই মাসে মূল বেতনের উপর ৩ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার নিয়ম রয়েছে। বদলির ক্ষেত্রে প্যাকিং ভাতার নিয়মেও পরিবর্তন এনে তা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। উৎসবের সময় বোনাসও দেওয়া হয়।

এদিকে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ৭ম বেতন কমিশন গঠন করেছে। কমিশনের সুপারিশের ভিত্তিতে আগামী দিনে মূল বেতন বা Basic Pay নতুন ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী পুনর্নির্ধারণ হতে পারে।

পাশাপাশি রাজ্য বাজেটে সরকারি কর্মী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য ২০ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর ফলে DA-র হার ১৮ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে।

অর্থাৎ, বাংলাদেশে নতুন বেতনস্কেলে ২০টি গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে ROPA 2019 কাঠামো কার্যকর রয়েছে এবং ৭ম বেতন কমিশনের সুপারিশের অপেক্ষা রয়েছে।
 

POST A COMMENT
Advertisement