রবিবার পর্যন্ত বৃষ্টির অ্যালার্ট (ছবি: পিটিআই)বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। যার জেরে আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী ঝড়বৃষ্টির অ্যালার্ট জারি। ভারতীয় আবহাওয়া সংস্থা বা আইএমডি জানিয়েছে, ২১ সেপ্টেম্বর, সোমবার কলকাতায় সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। আর আগামী কয়েকদিনে আরও খারাপ দিকে যেতে পারে আবহাওয়া। মূলত নিম্নচাপের প্রভাবেই বাড়বে দুর্গোগ।
বর্তমানে কোথায় রয়েছে নিম্নচাপ?
আসলে উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি। এটিই একটি নিম্নচাপের জন্ম দিতে চলেছে। এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
সোমবারই এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে যাওয়ার কথা। তারপর এটি একটি গভীর নিম্নচাপ তৈরি করতে পারে। মঙ্গলবারই বাড়তে পারে এই নিম্নচাপের শক্তি। তারপর এটি স্থলভাগের দিকে এগিয়ে যাবে বলে জানা যাচ্ছে।
যদিও ভাল খবর হল, এই গভীর নিম্নচাপ বাংলার দিকে নয়, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে। তবে তার প্রভাব পড়বে বাংলার উপর। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে আবহাওয়া বদলে যাবে। প্রবল বৃষ্টি হবে।
বিশেষজ্ঞদের একাংশ আবার বলছে, এই নিম্নচাপ থেকে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। আর তেমনটা হলে সাইক্লোনের নাম হবে অর্ণব। তবে এখনও ঘূর্ণিঝড়ের কোনও আপডেট নেই।
কেমন থাকবে আবহাওয়া?
২৩ থেকে ২৪ সেপ্টেম্বর আবহাওয়ার বিরাট বদল হতে পারে। এই দুই দিন ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ২৫ সেপ্টেম্বর অতিভারী বৃষ্টি হতে পারে। ওদিকে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির অ্যালার্ট জারি রয়েছে। অর্থাৎ মোটামুটি গোটা সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে। রবিবার পর্যন্ত তুমুল বর্ষণের রয়েছে আশঙ্কা।
বিশেষত, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আবার কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও ভাল বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।
সমুদ্র থাকবে উত্তাল
গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে বঙ্গোপসাগরের হাল খারাপ। ইতিমধ্যেই উত্তাল হয়েছে সমুদ্র। যার জেরে মৎস্যজীবীদের সোমবারের মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে। এক্ষেত্রে শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে করা হয়েছে বারণ।