
প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে ভ্যাকসিনের অভাব রয়েছে। বাংলা অনেক রাজ্যের থেকে কম টিকা পেয়েছে। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে এই অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এক সপ্তাহ কেটে গেলেও কোভিড টিকার অপ্রতুলতা মেটেনি। আর এই আবহেই ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে প্রতিদিন টিকা দিতে ১১ লক্ষ ডোজ ভ্যাকসিন প্রয়োজন। সেখানে রাজ্য পাচ্ছে ৪ লক্ষ ডোজ। পশ্চিমবঙ্গের জনসংখ্যার নীরিখে এই সরবরাহ যথেষ্ট নয়।


চিঠিতে মমতা আরও অভিযোগ করেছে, বিজেপি শাসিত রাজ্যগুলি টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, গুজরাত, কর্ণাটকে বেশি টিকা পাঠান হচ্ছে। সেখানে বঞ্চিত করা হচ্ছে বাংলাকে।
টিকার অভাব নিয়ে এর আগেও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তৃতীয় ঢেউ আসার আগে পশ্চিমবঙ্গের প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ করতে চান তিনি। বিষয়টি নিয়ে সেই সময়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তারপরেও পর্যাপ্ত টিকা মিলছে না বলে অভিযোগ মমতার। এদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। চিঠিতে 'ম্যান মেড বন্যা' উল্লেখ করে ডিভিসির প্রতি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।