কীর্তন ভাবে মজলেন শুভেন্দু অধিকারী, ভক্তদের সঙ্গে রাধাষ্টমী পালনের VIDEO ভাইরালরাধাষ্টমীতে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে উপস্থিত হয়েছিলেন তিনি। রাধারানীর দর্শনের পাশাপাশি সন্ধ্যারতিতে অংশ নেন শুভেন্দু। সেখানে তিনি শামিল হন প্রার্থনায়। তারপর রাধাষ্টমীর কীর্তন গানে অংশ নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
অন্য ভক্তদের সঙ্গেই এদিন ভক্তিগীতি গান শুভেন্দু। এরপর কীর্তনের সময় ভক্তদের সঙ্গে দু'হাত তুলে নাচও করেন তিনি। পাশাপাশি নিজে খোল বাজিয়ে কীর্তনে যোগ্য তাল দেন মুখ্যমন্ত্রী। তাঁর খোল নিয়ে বাজানোর ভিডিও ও দু'হাত মাথার উপর তুলে ভক্তিভাবে লীন হয়ে নাচের ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাধা অষ্টমী উপলক্ষে কলকাতার গৌড়ীয় মঠে যেন গতকাল সন্ধ্যায় ভাবগাম্ভীর্যের পরিবেশ মিশে গিয়েছিল। বিপুল সংখ্যক ভক্ত হাজির হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। তাঁদের সঙ্গেই কীর্তন গানে অংশ নিয়েছিলেন শুভেন্দুও।
মঠ থেকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়ে শুভেন্দু বলেন, "ভাষা-জাতের নামে ভেদাভেদের চেষ্টা হয়। বিভক্ত হবেন না। দিনের শেষে আমরা সবাই ভারতীয়-হিন্দুস্তানি।" পাশাপাশি, এদিন গৌড়ীয় মঠে গিয়ে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার এবার বাজেটে তীর্থক্ষেত্র সার্কিটের পরিকল্পনা করেছে। সেই সার্কিটের মধ্যে কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার গৌড়ীয় মঠকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বাগবাজার গৌড়ীয় মঠের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মদনমোহন মালব্যের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের যোগাযোগের কথাও এদিন বক্তব্যে তুলে ধরেন শুভেন্দু অধিকারী। এমন ঐতিহাসিক প্রতিষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য মঠ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, মঠের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কও রয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই মঠের প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।