West Bengal Government Job Recruitment 2026: সমস্ত দফতরে শূন্যপদের তালিকা চাইল রাজ্য, জুনের মধ্যেই শুরু নিয়োগের প্রস্তুতিWest Bengal Government Job Recruitment 2026: রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক মস্ত বড় এবং স্বস্তির খবর। এবার খোদ নবান্নের গ্রিন সিগন্যালে রাজ্য জুড়ে থমকে থাকা সরকারি নিয়োগ প্রক্রিয়ায় এক ধাক্কায় গতি আসতে চলেছে। রাজ্য প্রশাসনের অন্দরের খোলনলচে বদলে ফেলতে এবং বিভিন্ন সরকারি দফতরে পড়ে থাকা হাজার হাজার শূন্যপদ দ্রুত পূরণ করতে এক নজিরবিহীন মেগা উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩ জুনের মধ্যে সমস্ত প্রশাসনিক দফতরকে তাদের বর্তমান শূন্যপদের পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ (অডিট) দফতরের তরফ থেকে এই সংক্রান্ত একটি অতি জরুরি নির্দেশিকাও জারি করা হয়েছে।
নবান্ন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি পরিষেবা যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে পৌঁছে দেওয়া যায় এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদের জট যাতে দ্রুত খোলা সম্ভব হয়, সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই বিশেষ পদক্ষেপ করেছে। গত ২২ মে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের সই করা ওই বিজ্ঞপ্তিতে সাফ বলা হয়েছে, “প্রশাসনিক কাজকর্মের গতি বাড়াতে এবং দক্ষ পরিষেবা নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন দফতরে খালি পড়ে থাকা সমস্ত পদ দ্রুত পূরণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।” দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক পদ খালি থাকায় কাজের যে ক্ষতি হচ্ছিল, তা খতিয়ে দেখতেই এই ‘কম্প্রিহেনসিভ রিভিউ’ বা সামগ্রিক পর্যালোচনার নির্দেশ।
অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি দফতরকে তাদের নিজস্ব প্রধান কার্যালয় ছাড়াও অধীনস্থ ডিরেক্টরেট এবং আঞ্চলিক অফিস বা আঞ্চলিক স্তরের কার্যালয়গুলির জন্য আলাদা আলাদা করে শূন্যপদের তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ রাজ্যের ব্লকে ব্লকে কোথায় কত পদ খালি রয়েছে, তার সমস্ত ডেটা এবার চলে আসবে নবান্নের টেবিলে। তবে নবান্ন এও স্পষ্ট করে দিয়েছে, সরাসরি নিয়োগের (Direct Recruitment) জন্য যে সমস্ত প্রস্তাব পাঠানো হবে, তার সপক্ষে পর্যাপ্ত এবং যুক্তিযুক্ত কারণ বা ‘জাস্টিফিকেশন’ দেখাতে হবে সংশ্লিষ্ট দফতরকে।
রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক এই মেগা উদ্যোগ প্রসঙ্গে জানান, রাজ্যের সুশাসন বজায় রাখতে এবং জনপরিষেবা আরও দ্রুত করতে এটি একটি বড় প্রশাসনিক পদক্ষেপ। তিনি বলেন, “সরকার চায় প্রতিটি দফতর যেন অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের কর্মীদের ঘাটতি চিহ্নিত করে। এর ফলে নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও সরল করা যাবে এবং কর্মী সঙ্কটের কারণে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় জরুরি পরিষেবাগুলি কোনওভাবেই ব্যাহত হবে না।”
নবান্নের এই নির্দেশিকা কতটা কড়া, তা বোঝা যাচ্ছে দফতরের ডেটা পাঠানোর নিয়ম দেখেই। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত দফতরকে এই শূন্যপদের রিপোর্ট সফট কপিতে এক্সেল (Excel) ফরম্যাটে পাঠাতে হবে এবং অর্থ দফতরের দেওয়া নির্দিষ্ট টেমপ্লেটে কোনও রকম বদল বা কারচুপি করা যাবে না। শুধু তাই নয়, ডেটার গোপনীয়তা বজায় রাখতে সংশ্লিষ্ট দফতরের প্রধান বা নোডাল অফিসারের অফিশিয়াল ইমেল আইডি থেকেই এই তথ্য পাঠাতে হবে। বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ’ তকমা দিয়ে আগামী ৩ জুনের ডেডলাইন বা সময়সীমা অক্ষরে অক্ষরে পালন করার জন্য সমস্ত দফতরকে কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার।