Health News: কলকাতায় বিরল রোবোটিক সার্জারিতে হার্টের ফুটো বন্ধ হল, খরচ কেমন?

বিহারের নওয়াদা জেলার বাসিন্দা ওই কিশোরের বয়স মাত্র ১৩ বছর। সামনে স্কুলের পরীক্ষা। পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল কিশোর। এই সময় হঠাৎই হৃৎপিণ্ডে বড়সড় ছিদ্র বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (ASD) ধরা পড়ে তার। এমন পরিস্থিতিতে কার্যত অনিশ্চয়তার মুখে পড়ে তার স্বাভাবিক জীবন। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরতে শুরু করেন পরিবারের সদস্যরা।

Advertisement
কলকাতায় বিরল রোবোটিক সার্জারিতে হার্টের ফুটো বন্ধ হল, খরচ কেমন?কলকাতার বিরল রোবোটিক সার্জারি (প্রতীকী ছবি @পিক্সেল)
হাইলাইটস
  • বিহারের নওয়াদা জেলার বাসিন্দা ওই কিশোরের বয়স মাত্র ১৩ বছর
  • পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল কিশোর
  • এই সময় হঠাৎই হৃৎপিণ্ডে বড়সড় ছিদ্র বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (ASD) ধরা পড়ে তার

হৃদযন্ত্রে বড়সড় ফুটো ছিল বিহারের ১৩ বছরের এক কিশোরের। চিকিৎসার জন্য একের পর এক হাসপাতালের দরজায় ঘুরছিল তার পরিবার। অবশেষে কলকাতার মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে বিরল রোবোটিক অস্ত্রোপচার হল কিশোরের। তাতেই মিলল সাফল্য। 

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সার্জারি করে হৃদযন্ত্রের ফুটো বন্ধ করতে কোনও কৃত্রিম প্যাচ ব্যবহার করা হয়নি। বরং কিশোরের নিজের শরীরের টিস্যু দিয়েই তৈরি করা হয়েছে প্যাচ। 

বিহারের নওয়াদা জেলার বাসিন্দা ওই কিশোরের বয়স মাত্র ১৩ বছর। সামনে স্কুলের পরীক্ষা। পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল কিশোর। এই সময় হঠাৎই হৃৎপিণ্ডে বড়সড় ছিদ্র বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (ASD) ধরা পড়ে তার। এমন পরিস্থিতিতে কার্যত অনিশ্চয়তার মুখে পড়ে তার স্বাভাবিক জীবন। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরতে শুরু করেন পরিবারের সদস্যরা। তাঁদের আশঙ্কা ছিল, হৃদযন্ত্রের সমস্যা এবং অস্ত্রোপচারের পর দীর্ঘদিন সুস্থ হতে সময় লাগবে। যার ফলে কিশোরের পড়াশোনা ও ভবিষ্যতের পরিকল্পনা ব্যাহত হতে পারে।

এরপর কিশোরকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। এই হাসপাতালেই সফলভাবে চিকিৎসা হয় তার।

ASD কী?
অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ASD হল হৃদযন্ত্রের একটি জন্মগত সমস্যা। এই রোগে হৃৎপিণ্ডের উপরের দুটি প্রকোষ্ঠের মাঝের দেওয়ালে ছিদ্র থাকে। ছোট ছিদ্রের ক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরা পরিস্থিতির উপর নজর রাখেন। তবে ছিদ্র বড় হলে ভবিষ্যতে বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে ছিদ্র বন্ধ করা প্রয়োজন হয়।

ওই কিশোরের হৃৎপিণ্ডে ছিদ্রের আকার অনেকটাই বড় ছিল। তাই ক্যাথেটারের মাধ্যমে কোনও যন্ত্র বা ডিভাইস ঢুকিয়ে অস্ত্রোপচার ছাড়াই তা বন্ধ করা কার্যত সম্ভব ছিল না। ফলে বিকল্প চিকিৎসা পদ্ধতির কথা ভাবতে হয় ডাক্তারদের।

এরপর হাসপাতালের সার্জারি ও রোবোটিক সার্জারির সিনিয়র কনসালট্যান্ট ডা: ললিত কাপুরের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল পরিবারের সঙ্গে চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

প্রথমে মিনিম্যালি ইনভেসিভ সার্জারির কথা হয়। কিন্তু অস্ত্রোপচারের পর ব্যথা এবং সুস্থ হয়ে উঠতে কতটা সময় লাগবে, তা নিয়ে উদ্বিগ্ন ছিল কিশোরের পরিবার। সেই কথা মাথায় রেখেই চিকিৎসকরা রোবোটিক কার্ডিয়াক সার্জারির প্রস্তাব দেন। এই পদ্ধতিতে সার্জারির পর ব্যথা ও অস্বস্তি তুলনামূলক কম হতে পারে। সুস্থ হওয়ার সময়ও কম লাগতে পারে। পাশাপাশি শরীরে সার্জারির দাগও তুলনামূলকভাবে কম থাকে।

Advertisement

কৃত্রিম প্যাচের বদলে ব্যবহার করা হল শরীরের টিস্যু
এই অস্ত্রোপচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল হৃৎপিণ্ডের ছিদ্র বন্ধ করার অভিনব পদ্ধতি। কোনও কৃত্রিম প্যাচের সাহায্য না নিয়ে কিশোরের নিজের পেরিকার্ডিয়াম বা হৃদযন্ত্রকে ঘিরে থাকা স্বাভাবিক আবরণী টিস্যু ব্যবহার করেন চিকিৎসকরা। সেই টিস্যুকেই প্যাচ হিসেবে কাজে লাগিয়ে হৃদযন্ত্রের ছিদ্র বন্ধ করা হয়।

ডা: ললিত কাপুর বলেন, 'এই অস্ত্রোপচার আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, রোগীর বয়স মাত্র ১৩ বছর। সামনে তার পড়াশোনা ও ভবিষ্যতের অনেক স্বপ্ন রয়েছে।'

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই ধরনের রোবোটিক ASD সার্জারির আনুমানিক খরচ হতে পারে ৫.৫ লক্ষ থেকে ৬.৫ লক্ষ টাকা। তবে এই অঙ্ককে কোনওভাবেই নির্দিষ্ট বা নির্ধারিত চিকিৎসার খরচ হিসেবে দেখা উচিত নয়। এটি শুধুমাত্র একটি সম্ভাব্য খরচের হিসাব। রোগীর শারীরিক অবস্থা, চিকিৎসার প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রকৃত খরচ আলাদা হতে পারে। 

 

POST A COMMENT
Advertisement