
কলকাতাতেও এবার তেরঙা যাত্রা কর্মসূচি। BJP-র উদ্যোগে সোমবার, ১০ অগাস্ট সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে। ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। ৫০ হাজারের বেশি মানুষের জমায়েত হতে পারে সেই মিছিলে। আর সে কারণেই একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে লালবাজার। ইতিমধ্যেই একটি নোটিফিকেশন দিয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দিন কোন কোন রাস্তায় গাড়ি চলাচল করবে না।
রেড রোড, খিদিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকবে সোমবার। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে যান চলাচল নিয়ন্ত্রণ থাকায় ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। তাই ঘর থেকে বেরনোর আগে জেনে নিন ট্র্যাফিক নির্দেশিকা।
কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।
কোন কোন রাস্তায় পার্কিং নিষিদ্ধ?
কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।
কলকাতা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী মূল রাস্তা ও সংযোগকারী রাস্তায় যান ঘুরিয়ে দেওয়া হতে পারে। ফলে ব্যাপক ট্র্যাফিকের চাপ পড়তে পারে ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতা সংলগ্ন এলাকায়।
কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে?
দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড (লেনিন সরণী, মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত), সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোড (রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত)।
ছাড়ের আওতায় থাকবে LPG সিলিন্ডার, CNG, পেট্রোল, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী গাড়িগুলি।