শুক্রবারের পর আজও বোমাতঙ্কের ঘটনা কলকাতা বিমানবন্দরেকলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। ফুকেট থেকে আসা বিমানে এই বোমাতঙ্ক ছড়ায়। বিমানের শৌচাগারে লিপস্টিক দিয়ে লেখা হুমকি দেখতে পান কেবিনক্রু। তাতে লেখা ছিল এই বিমানের ভেতরে বোম রাখা আছে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় বিমানটিতে।
প্রসঙ্গত শুক্রবারও দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। শুক্রবার কলকাতা বিমানবন্দরের শৌচালয়ে টিস্যু পেপারে বিমানবন্দরে বোমা রাখার বার্তা মিলেছিল। বিমানবন্দরের টার্মিনালের ৩০ নম্বর গেট উড়িয়ে দেওয়ার কথা লেখা ছিল সেখানে। যদিও তন্ন তন্ন করে খুঁজে কোথাও বোমা মেলেনি।
এই ঘটনার চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফের বোমাতঙ্কের ঘটনা ঘটলো কলকাতা বিমানবন্দরে। শনিবার ফুকেট থেকে কলকাতাগামী ইন্ডিগোর উড়ান কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে বিমানের শৌচালয়ে দেখা যায় লিপস্টিক দিয়ে বিমানে বোমা থাকার কথা লেখা রয়েছে। ওই ঘটনা বিমানকর্মীদের নজরে পড়তেই এ নিয়ে হুলস্থূল পড়ে যায়। বিমানটিকে পৃথক পার্কিং বে-তে নিয়ে গিয়ে পরীক্ষা করা হচ্ছে। তবে বিমানে এখনও সন্দেহজনক কিছু মেলেনি।
পরপর দু’দিন এই ধরনের ঘটনার পর কলকাতা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়েছে। বিমানবন্দরে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তব্যরত CISF-এর নিরাপত্তা কর্মীরা। সঙ্গে রয়েছে পুলিশ কুকুরও। এ দিন দুপুর ২ টো নাগাদ বিমান-বন্দরে ঢোকে ইন্ডিগোর বিমান। একে-একে যাত্রীরা নামছিলেন বিমান থেকে। সেই সময় কেবিন-ক্রুরা গোটা বিমানটি একবার চেক করেন। সেই মতো বিমানের শৌচালয়েও যান তাঁরা। তখনই আয়নায় লিপস্টিক দিয়ে লেখা ছিল বিমানে বোমা আছে। তারপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে।