Abhishek Banerjee Bulldozer Action: বাড়িতে হামলার আশঙ্কা করেছিলেন অভিষেক, বুলডোজার অ্যাকশনে কী কী ভাঙা হল?

সাতসকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন। বাড়ির সামনে মোতায়েন প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ১২১, কালীঘাট রোড ঠিকানায় কী কী ভাঙা হল?

Advertisement
বাড়িতে হামলার আশঙ্কা করেছিলেন অভিষেক, বুলডোজার অ্যাকশনে কী কী ভাঙা হল? অভিষেকের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন
হাইলাইটস
  • আগেই বাড়িতে হামলার আশঙ্কা করেছিলেন অভিষেক
  • সাতসকালে পৌঁছে গেল বুলডোজার
  • কী কী ভাঙা হল অভিষেকের বাড়ির সামনে?

বৃহস্পতিবার সাতসকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশন। বাড়ির সামনে মোতায়েন প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ১২১, কালীঘাট রোড ঠিকানায় কী কী ভাঙা হল? 

কেন এই বুলডোজার অ্যাকশন? 
ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে ফুটপাথের উপর বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হল বুলডোজার দিয়ে। অস্থায়ী ওই শেড ভেঙে ফেলার পর বাঁশগুলি সেখান থেকে সরিয়ে ফেলেন পুরসভার কর্মীরা। পরিষ্কার করে দেওয়া হয় ফুটপাথ। শুধু তাই নয় অভিষেকের বাড়ির সামনে ফুটপাথের উপর যে কালো লোহার গেট ছিল, সেটি প্রথমে গ্যাসকাটার দিয়ে কেটে সরিয়ে নিয়ে যাওয়া হল। 

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাথের উপর এই অস্থায়ী শেড এবং কালো পেল্লায় গেটের জন্য স্থানীয় বাসিন্দাদের ফুটপাথ ব্যবহারে সমস্যা হত। এই নিয়ে একাধিকবার অনেকেই অভিযোগ তুলেছিলেন। 

১২১, কালীঘাট রোডের সামনে ফুটপাথের উপর অস্থায়ী ছাউনি ঘিরে বিতর্ক কম হয়নি। গত শুক্রবার রাতে সাংসদের জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল কালীঘাটে। সে সময়ে অস্থায়ী শেডের নীচে অনেককে জড়ো হতে দেখা গিয়েছিল। 

অভিষেকের হামলার আশঙ্কা

তা ছাড়া  অভিষেক দাবি করেন, তাঁর বাড়ির সামনে গাড়ি নিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন তিনি। বুধবার সন্ধ্যাতেও অভিষেকের বাড়ির সামনে পুলিশ পৌঁছে গিয়েছিল। বুধবার দুপুরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বাড়ির বাইরে পুলিশি রেইকির অভিযোগ তোলেন অভিষেক। তাঁর দাবি, 'আবারও কলকাতা পুলিশের আধিকারিকরা সরকারি পুলিশের গাড়ি নিয়ে আমার বাড়ির চারপাশে রেইকি করছেন এবং বেআইনিভাবে আমার ওপর নজরদারি চালানো হচ্ছে।' 

ভিডিওতে আশঙ্কা প্রকাশ করে অভিষেক লেখেন, ‘আবারও আমার ওপর হামলার ছক কষা হচ্ছে।’ ভাইফোঁটার দুপুরে একটি ভিডিও পোস্ট করেন মমতা তৃণমূলের সাংসদ। যেখানে দেখা গিয়েছে, সাদা হেলমেট মাথায় একটি এক ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছেন, পিছনে আরও একজন বসে আছেন, তাঁর মাথাতেও ছিল সাদা হেলমেট। ঠিক বাড়ির নীচে আরও একটি কলকাতা পুলিশ লেখা বাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভিডিওতে। একজন ব্যক্তি বাইক থেকে নেমে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে অভিষেকের বাড়ির দিকে তাকাচ্ছেন। এই ভিডিও পোস্ট করেই অভিষেকের দাবি, তাঁর বাড়িতে ফের হামলার ছক কষা হচ্ছে। অভিষেকের প্রশ্ন, ‘আমাকে ভয় দেখিয়ে, হামলা চালিয়ে, আমার কণ্ঠরোধ করতেই কি এত মরিয়া প্রশাসন?

Advertisement

কালীঘাট তৃণমূলের দাবি, অস্থায়ী কাঠামো খোলার জন্যই গিয়েছিল পুলিশ। তবে অভিষেকের অফিসের লোকেরা নিজেরাই ওই কাঠামো খুলে ফেলার কাজ শুরু করেছিলেন বলে দাবি কালীঘাট তৃণমূলের ওই সূত্রের।

 

POST A COMMENT
Advertisement