মেসিকাণ্ডে হাইকোর্টে জোর ধাক্কা অরূপেরযুবভারতীতে মেসি কাণ্ডে এখনই স্বস্তি পাচ্ছেন না প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। GOAT কাণ্ডে গ্রেফতারিতে স্থগিতাদেশের বিষয়ে অবিলম্বে শুনানি করতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। বিপুল পরিমাণে মামলার চাপের কারণেই এখনই এ বিষয়ে মামলা করা সম্ভব না বলে জানাল হাইকোর্ট।
উল্লেখ্য, যুবভারতীতে GOAT কাণ্ডে অনুষ্ঠান বাতিল সংক্রান্ত ঘটনায় পুলিশের কঠোর পদক্ষেপ অথবা গ্রেফতারির উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু সেখানে স্বস্তি পেলেন না মমতার মন্ত্রী।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, বিচারাধীন মামলার ব্যাপক চাপের কারণে জরুরি শুনানি সম্ভব নয়। আনুষ্ঠানিক ফাইলিং প্রক্রিয়া মেনে যথাযথভাবে মামলা লিস্টেড করার পরেই যথাসময়ে মামলাটি গ্রহণ করা হবে।
হাইকোর্ট মামলার দ্রুত শুনানিতে রাজি না হওয়ায় প্রাক্তন মন্ত্রীর চাপ ব্যাপক বেড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গতকালই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গিয়ে দরজায় নোটিস সেঁটে এসেছেন পুলিশ কর্তারা। সোমবারই তাঁকে থানায় হাজিরা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। এরইমধ্যে সোমবার আদালতের মুখ ফেরানোর পর কার্যত আরও কোণঠাসা হয়ে গেলেন অরূপ বিশ্বাস।
কোন ঘটনা নিয়ে চাপে অরূপ?
মাত্র মাস সাতেক আগের ঘটনা। গত বছর ডিসেম্বরে যুবভারতীতে আসেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি। অভিযোগ, হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও, মেসি দর্শনের সুযোগ হয়নি সাধারণ মানুষের। বরং মাঠের মাঝেও মেসিকে ঘিরে ছিলেন অরূপ বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠরাই। এমনকি এই ঘটনায় মেসির উপস্থিতিতেই মাঠে জলের বোতলও পড়তে থাকে। ফলে সঙ্গে সঙ্গে মেসি যুবভারতী থেকে বেরিয়ে পড়েন। আর সব ক্ষোভ গিয়ে পড়ে অরূপ বিশ্বাসের উপর। তুমুল বিতর্কের জেরে শেষ পর্যন্ত তাঁকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিতে হয়েছিল। ওই ঘটনার পর অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ।
তবে রাজ্যে সরকার বদল হতেই চাপে পড়ে যান অরূপ বিশ্বাস। মেসির ভারত সফরের মূল আয়োজক শতদ্রু অরূপ বিশ্বাস-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এরপর থেকেই তলব করা শুরু হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। কিন্তু এখন পর্যন্ত তলব এড়িয়েছেন তিনি। এরমাঝেই সোমবার হাইকোর্ট মামলায় দ্রুত রায় দিতে রাজি না হওয়ায় বাড়ল গ্রেফতারির আশঙ্কা।