ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ছবি:এএনআই)আদালত অবমাননা মামলায় যেন কিছুটা চাপে পড়লেন মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদকে এবার শোকজ নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে তাঁকে এই শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিতর্কিত ফেসবুকে পোস্ট করার জেরেই কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। বিচারপতি কৃষ্ণ রাও অভিষেককে শোকজ নোটিস পাঠিয়েছেন। কেন ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালত অবমাননার মামলা শুরু করা হবে না, ১৫ দিনের মধ্যে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে এই শোকজ নোটিশে।
অন্যদিকে, ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত অভিষেকের একটি মামলা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিবকে আগামী দু'সপ্তাহের মধ্যে নিরাপত্তা পর্যালোচনা কমিটির বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই কমিটিকে অভিষেকের বর্তমান নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখতে বলা হয়েছে। তাঁর জন্য বিশেষ নিরাপত্তার প্রয়োজন রয়েছে কি না, তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে কমিটিকে। পাশাপাশি, কমিটির সিদ্ধান্ত আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, কলকাতা হাইকোর্টে আরও একটি মামলা রয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। ডিজে মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেছেন, বিষয়টি কেন কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়নি বা ছুটির আগে কেন আদালতকে জানানো হয়নি। তবে আগামী সপ্তাহের শুক্রবার এই মামলার শুনানি করার আশ্বাস দিয়েছেন তিনি।