কলকাতায় এসেই বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, কালো পতাকা-গো ব্যাক স্লোগানCEC Black Flag Kolkata: ঘড়িতে তখন রবিবার সন্ধে। তিনদিনের সফরে রাজ্যে পা রেখেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু বিমানবন্দর থেকে বেরোতেই তাঁকে স্বাগত জানাল কালো পতাকা আর ‘গো ব্যাক’ স্লোগান। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় পা রাখল, ঠিক তখনই শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজারহাট-নিউটাউন এলাকায় উত্তাল বিক্ষোভ শুরু হয়।
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতায় সরব হয়ে এদিন নিউটাউনে রাস্তা অবরোধের চেষ্টা করেন কয়েকশো প্রতিবাদী। বিক্ষোভকারীদের দাবি, এই প্রক্রিয়া আদতে গণতন্ত্র বিরোধী। বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করে বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী যখন কলকাতার প্রাণকেন্দ্রে ধর্নায় বসেছেন, তখন আমরা এখানে সংবিধান ও গণতন্ত্র বিরোধী কমিশনের বিরুদ্ধে সরব হয়েছি। উনি বিজেপির হয়ে কাজ করছেন।"
বিমানবন্দর থেকে কমিশনারের কনভয় যখন হোটেলের দিকে রওনা দেয়, তখন রাস্তার দুধারে ভিড় জমিয়ে স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বিশাল পুলিশ বাহিনীকে। নিরাপত্তার চাদরে মুড়ে কোনোমতে কনভয় পার করে দেওয়া হলেও, গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই মুখ্য নির্বাচন কমিশনারকে ‘বিজেপির হাতের পুতুল’ বলে আক্রমণ শানিয়েছেন।