কীভাবে ফের নাম তোলা যাবে ভোটার লিস্টে? প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল নয়াদিল্লি। প্রশ্ন উঠছে SIR প্রক্রিয়া এবং ফর্ম ৬-এর বদল নিয়ে। এর মাঝেই নতুন বিজ্ঞপ্তি দিল রাজ্য নির্বাচন কমিশন। মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট তালিকায় বাদ পড়া ভোটাররা আবার নাম তোলার আবেদন করতে পারবেন। কীভাবে?
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, CEO দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া ভোটাররা অনলাইনে বা BLO-র মাধ্যমে আবার ফর্ম-৬ জমা করতে পারবেন। এই সংক্রান্ত তথ্য থাকবে জেলা নির্বাচনী আধিকারিক (DEO) ওয়েবসাইটে।
১৮ বছর পেরোলেই নতুন করে ফর্ম-৬ ভরে নাম তোলা যাবে। অনলাইনে বা BLO-র মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও যাঁদের নাম মৃত স্থানান্তরিত, ডুপ্লিকেট তালিকায় বাদ পড়েছে, তাঁরাও একই ভাবে আবেদন করতে পারবেন।
বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের BLO-দের পুরোনো ও নতুন ভোটার তালিকা মিলিয়ে বাদ পড়া যোগ্যদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তারপর একে একে তাঁদের নাম পুনরায় নথিভুক্ত করতেও বলা হয়েছে। যে ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR পর্ব শেষ হয়েছে, সেখানকার BLO-দের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১ মাসের মধ্যে প্রতি সপ্তাহে ২০-২৫ জন বাদ পড়া ভোটারদের বাড়ি যেতে। বাদ পড়া যোগ্য ভোটারদের নাম তালিকাভুক্ত করার উদ্দেশ্যে ‘ব্যাপক ও বিশেষ অভিযান’ শুরু করার কথা বলা হয়েছে কমিশনের এই বিজ্ঞপ্তিতে। সেই মতোই এই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই নিয়ে তোলপাড় দেশ। নিয়ম উলঙ্ঘন, সর্বসম্মতিক্রমে SIR প্রক্রিয়া না হওয়া, সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়াই ফর্ম-৬ বদলের মতো দাবিগুলি ঘিরে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের আর্জি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহে SIR হয়ে যাওয়া রাজ্যগুলিতে ফর্ম-৬ বদল বাতিল করা হয়েছে। এই আবহেই এল কমিশনের নয়া বিজ্ঞপ্তি।