শুভেন্দু অধিকারী তিলজলায় অগ্নিকাণ্ডের জেরে ২ জনের মৃত্যু হয় মঙ্গলবার। সেই ঘটনার প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্যের নয়া সরকার। শহরে যত অবৈধ কারখানা রয়েছে, অবিলম্বে সেখানকার বিদ্যুৎ ও জলসংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু বলেন, 'তিলজলার ঘটনায় ৪টি দফতরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। সেই কমিটির রিপোর্টে যা পাওয়া গিয়েছে, তা রাজ্যের বা কলকাতার ক্ষেত্রে অশনী সঙ্কেত। অবৈধ ওয়ার্কশপে কোনও বিল্ডিং প্ল্যান যেমন ছিল না তেমনই ন্যূনতম ফায়ার সেফটিও ছিল না।' তাঁর সংযোজন, 'তিলজলার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলি অ্যাকশন নিয়েছি। ওই অবৈধ কারখানার মালিক শেক নাসির এবং শামির মহম্মদকে গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে স্থায়ী ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছি। CESC-কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে, কসবা, তিলজলা, মোমিনপুর, একবালপুরের মতো এলাকায় যত এ ধরনের অবৈধ বিল্ডিং রয়েছে অবিলম্বে অন্তর্বর্তী অডিট করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পুর ও নগরোন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, একদিনের মধ্যে অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। KMC-কে বলা হয়েছে, এই ধরনের অবৈধ ও বিপজ্জনক কারখানা বা ওয়ার্কশপের জলের লাইন কেটে দিতে।'
মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, 'আমরা এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিচ্ছি। যাদের সতর্ক হওয়ার, তারা হয়ে যান। যারা বেআইনি কাজকর্ম করছেন, তাদের সংশোধিত হতে, এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশ দিচ্ছি।'