শুভেন্দু জমানায় কী হচ্ছে মমতার 'মা-ক্যান্টিনে'
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর অর্থ দফতরের উদ্যোগে পাঁচ টাকার বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘মা ক্যান্টিন’ চালু করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে প্রতি দিন দুপুরে পাঁচ টাকার বিনিময়ে ডাল, ভাত, তরকারি এবং ডিম দেওয়া হত। বেলা ১২টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলত এই ক্যান্টিন। তৃণমূলের পতনের পর এখন রাজ্য়ে এসেছে বিজেপি সরকার। আর সেইসঙ্গে রাজ্যের মসনদের মতোই পাল্টাচ্ছে মা ক্য়ান্টিনের মেনু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সপ্তাহে দুদিন করে মা ক্য়ান্টিনে ৫টাকায় মিলবে মাছ-ভাত। আর মঙ্গলবার নবান্নে ক্যাবিনেট বৈঠকে 'মা ক্যান্টিন’-এর নাম বদল করে ‘মা আহার’ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুধু নাম পরিবর্তনই নয়, প্রকল্পটিকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ারও ঘোষণা করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আরও ৫০০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র গড়ে তোলা হবে।
নবান্নে এদিন ছিল নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেই বৈঠকের পর সাংবাদিকদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান ‘মা ক্যান্টিন’-এর নাম বদল করে ‘মা আহার’ করা হয়েছে। পাশাপাশি, ১১০টি নতুন কেন্দ্র খোলা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৈরি ‘মা ক্যান্টিন’ প্রকল্প থাকছে। তবে নাম বদলে যাচ্ছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে শুভেন্দুর ক্যাবিনেটের দুই সদস্য দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল জানান, আগের চেয়ে আরও বেশি জায়গায় মিলবে পাঁচ টাকায় আহার। তবে ‘মা ক্যান্টিন’-এর নাম বদলে হয়ে যাচ্ছে ‘মা আহার।’ দিলীপ ঘোষ বলেন, ‘মা আহার নামে আগে ৩৯০টি স্থানে পাঁচ টাকায় আহার দিত। এ বার আরও ১১০ নতুন জায়গায় পাঁচ টাকায় আহার মিলবে। মোট ৫০০টি কেন্দ্র থেকে আহার বিতরণ হবে। প্রকল্পের নাম হবে ‘মা আহার’।’ সাধারণ মানুষের জন্য কম খরচে খাবারের সুবিধা আরও বাড়াতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
রাজ্য সরকার আগেই জানিয়েছিল, এবার থেকে 'মা-ক্যান্টিনে' ৫ টাকার প্লেটে থাকবে মাছও। সপ্তাহে ২ দিন মিলবে মাছ। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন , 'আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের যে মা ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনগুলোতে আমরা ২ দিন করে মাছ খাওয়াব সপ্তাহে। ৫ টাকাতেই খাওয়াব।'