ডোমেস্টিক ইলেকট্রিক বিল আদায়ে বিদ্যুৎ দফতরকে বার্তা শুভেন্দুরসল্টলেকে বিদ্যুৎ ভবন থেকে বিদ্যুৎ দফতরের কর্মচারীদের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার দীর্ঘদিনের সমস্যা বিদ্যুৎ চুরি রুখতে ও বকেয়া বিল আদায় নিয়ে কর্মীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি এগুলোকে নির্দেশ হিসেবেই মানতে বলেন কর্মীদের।
হুকিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স:
হুকিংয়ের ক্ষেত্রে রাজ্যের বিদ্যুৎ দফতরের কর্মীদের কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "হুকিং জিরো করতে হবে। এক্ষেত্রে বিজেপির কোনও নেতা আপনাদের ফোন করবে না। হুকিং জিরো করতে হবে। পরপর তার কাটতে থাকুন।"
বকেয়া বিদ্যুৎ বিল আদায় করার নির্দেশ:
মুখ্যমন্ত্রী বলেন, "ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়ালে যত বিদ্যুৎ বিল বকেয়া আছে, আদায় করুন। যেভাবে পারুন আদায় করুন। এক্ষেত্রে কারও কথা শুনবেন না।" তবে ডোমেস্টিকের ক্ষেত্রে সহানুভূতির সঙ্গে আদায়ের বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "ডোমেস্টিকের ক্ষেত্রে কথা বলে, নোটিশ দিয়ে, জানিয়ে পদক্ষেপ নিন। অনেক ক্ষেত্রে দেখা যায়, সেই গ্রাহকের অতীতের পেমেন্ট পারফরম্যান্স ভালো। এসব ক্ষেত্রে বলে বুঝিয়ে করতে হবে।"
স্মার্ট মিটারের ক্ষেত্রেও একই পদ্ধতি নিতে হবে বলে জানান শুভেন্দু। তিনি বলেন, "এটা নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। এক্ষেত্রেও মানুষকে ধীরে ধীরে বোঝাতে হবে। বামেরা এক্ষেত্রে মানুষকে ভুল বোঝায়। আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এগোন। মানুষ যখন বুঝতে পারবে, তাহলে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।"
উল্লেখ্য, এদিন হুকিং রুখতে সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপেরও উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। এই অ্যাপের মাধ্যমে কোনও ব্যক্তি বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে সেই অভিযোগের সমাধান করা হবে।