
পুলিশের উদ্দেশে বিতর্কিত ভাষা প্রয়োগ করে এবার বিপাকে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। গতকাল রেজিনগর উপনির্বাচন চলাকালীন পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে কার্যত সীমা পার করেন নওদার বিধায়ক। এবার সেই ইস্যুতেই বিধাননগর সাইবার থানায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বাগুইআটি এলাকার বাসিন্দা রাজীব সরকার।
জানা গিয়েছে, একটি ই-মেলের মাধ্যমে বিধাননগর সাইবার থানায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে তিনি জানিয়েছেন, ৬ অক্টোবর ২০২৬ সকালে রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলাকালীন অভিযুক্ত হুমায়ুন কবীর ইলেকট্রনিক সংবাদমাধ্যমের মাইক্রোফোন ও ক্যামেরার সামনে এসে নির্বাচনী দায়িত্বে মোতায়েন পুলিশকর্মীদের উদ্দেশে প্রকাশ্যে হিংসাত্মক ও স্পষ্ট হুমকি দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তাঁর মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন করলে হুমায়ুন কবীর রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেও আক্রমণাত্মক মন্তব্য করেন এবং প্রকাশ্যে এমন আপত্তিকর শব্দ ব্যবহার করেন, যা মহিলাদের মর্যাদাকে হেয় করার উদ্দেশ্যে ব্যবহার হয়।
অভিযোগকারীর দাবি, এই ধরনের মন্তব্য আদর্শ আচরণবিধি (MCC) এবং ভারতের নির্বাচন কমিশনের বাধ্যতামূলক নির্দেশিকার প্রকাশ্য ও ইচ্ছাকৃত লঙ্ঘন।
যদিও নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে মঙ্গলবার সকালেই গ্রেফতার করা হয়েছিল হুমায়ুন কবীরকে। গতকাল দিনের শুরুতেই ভোট দিয়ে ক্যামেরার জেপি ও পুলিশকে একযোগে আক্রমণ করেছিলেন হুমায়ুন। এমনকী ভোট লুটের অভিযোগও এনেছিলেন তিনি। এরপর রেজিনগরে পার্টিঅফিস গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে প্রথমে পুলিশ তাঁকে আটক ও পরে গ্রেফতার করে। যদিও এদিন রাতেই থানা থেকে ছাড়া পান হুমায়ুন কবীর।