Contractual Doctor and Health Worker Recruitment: রাজ্য সরকারি হাসপাতালে এ বার চুক্তিভিত্তিক ডাক্তার-নার্স নিয়োগ, স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণায় জোর চর্চা

সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি রয়েছে, তা স্বীকার করে নিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তবে এই সমস্যা মোকাবিলায় এখনই স্থায়ী নিয়োগের পথে হাঁটছে না স্বাস্থ্য দফতর। আপাতত চুক্তিভিত্তিক পদ্ধতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
রাজ্য সরকারি হাসপাতালে এ বার চুক্তিভিত্তিক ডাক্তার-নার্স নিয়োগ, স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণায় জোর চর্চা শারদ্বত মুখোপাধ্যায়
হাইলাইটস
  • সরকারি হাসপাতালে এ বার চুক্তিভিত্তিক ডাক্তার-নার্স নিয়োগ
  • এখনই স্থায়ী নিয়োগের পথে হাঁটছে না স্বাস্থ্য দফতর
  • স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণায় জোর চর্চা

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি রয়েছে, তা স্বীকার করে নিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তবে এই সমস্যা মোকাবিলায় এখনই স্থায়ী নিয়োগের পথে হাঁটছে না স্বাস্থ্য দফতর। আপাতত চুক্তিভিত্তিক পদ্ধতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, দ্রুত এই নিয়োগের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য, যে হাসপাতালেই চিকিৎসকের অভাব দেখা যাবে, সেখানে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে পরিষেবা সচল রাখার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী, শুধু গ্রামীণ এলাকার হাসপাতালেই নয়, কলকাতা ও শহরতলির একাধিক সরকারি হাসপাতালেও চিকিৎসকের ঘাটতি রয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ, বিধাননগর মহকুমা হাসপাতাল, নর্থ সাবার্বান হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল এবং ব্যারাকপুরের বিএন বসু হাসপাতাল-সহ আরও কয়েকটি চিকিৎসা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে দ্রুত চিকিৎসক নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যেখানে ঘাটতি থাকবে, সেখানেই চুক্তিভিত্তিক চিকিৎসকদের কাজে লাগানো হবে।'

কেন স্থায়ী নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত, তার ব্যাখ্যা দিয়েছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা। তাঁদের বক্তব্য, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র মাধ্যমে নিয়োগের কথা বিবেচনা করা হচ্ছে। আগে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট-সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মী নিয়োগ করত হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ড। সেই প্রক্রিয়া শেষ হতে সাধারণত প্রায় ৮ মাস সময় লাগত। কিন্তু পিএসসির মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া শেষ করতে অন্তত দেড় বছর লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এই দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয় বলেই আপাতত চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। শারদ্বতের কথায়, 'দেড় বছর ধরে স্বাস্থ্য দফতর বসে থাকতে পারে না। তাই চিকিৎসক থেকে শুরু করে গ্রুপ ডি কর্মী, যেখানে যে ধরনের কর্মীর প্রয়োজন, সেখানে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।'

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, রাজ্যে ২ হাজারেরও বেশি চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৮ থেকে ১০ হাজার নার্সিং স্টাফ নিয়োগের কথাও ভাবা হচ্ছে। নার্সদের ক্ষেত্রেও চুক্তিভিত্তিক নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, 'পরবর্তী সময়ে স্থায়ী নিয়োগের পরেও যদি চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর অভাব থেকে যায়, সে ক্ষেত্রে চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদেরও কাজে রাখা হতে পারে।'

Advertisement

এ দিকে, স্বাস্থ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে চিকিৎসক মহলে শুরু হয়েছে আলোচনা। বিরোধী পরিসরে থাকা চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য, রাজ্যে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৪১টি মেডিক্যাল কলেজ রয়েছে। সেখানে MBBS-এর আসন সংখ্যা ৭৪০০। রোগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যা বজায় রাখতে অতীতে প্রতি বছর চিকিৎসক ও নার্স নিয়োগের ব্যবস্থা ছিল। কিন্তু কোভিড পর্বের পর দীর্ঘ সময় ধরে সেই নিয়োগপ্রক্রিয়া বন্ধ ছিল।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অবশ্য হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তার মধ্যে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে ১২২৭টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৬২২টি এবং স্টাফ নার্স গ্রেড-টু পদে ৬৪৪৩টি শূন্যপদ ছিল। এ ছাড়াও ৩৫০ জন ফার্মাসিস্ট এবং ৮০৯ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সব মিলিয়ে ৯৪৫৪টি শূন্যপদের বিপরীতে ৮৫০০ জনকে নিয়োগের সুপারিশ স্বাস্থ্য দফতরের কাছে পাঠিয়েছিল হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ড। প্রয়োজনের তুলনায় এই নিয়োগ যে পর্যাপ্ত নয়, স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে তা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি মেটাতে দ্রুত নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে যখন আলোচনা চলছে, তখন স্থায়ী নিয়োগের পাশাপাশি আপাতত চুক্তিভিত্তিক নিয়োগের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও ক্রমশ জোরালো হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement