Kolkata Rain Update : আজই গভীর নিম্নচাপের ল্যান্ডফল, দক্ষিণবঙ্গে বড় প্রভাব; তুমুল বৃষ্টির পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতি ২৮ জুলাই সকাল পর্যন্ত বজায় থাকতে পারে।

Advertisement
আজই গভীর নিম্নচাপের ল্যান্ডফল, দক্ষিণবঙ্গে বড় প্রভাব; তুমুল বৃষ্টির পূর্বাভাস আজই নিম্নচাপের ল্যান্ডফল
হাইলাইটস
  • উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে।
  • তাই ২৯ জুলাই পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কোনও মৎস্যজীবীকে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তা পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ জুলাই বিকেলের মধ্যে বালেশ্বর (ওড়িশা) ও ক্যানিং (পশ্চিমবঙ্গ)-এর মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই গভীর নিম্নচাপ। এরপর এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের উপর দিয়ে দুর্বল হলেও প্রবল বৃষ্টি অব্যাহত রাখবে।

পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়বে?

এই নিম্নচাপের কারণে সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ে অত্যন্ত বেশি বৃষ্টি হতে পারে, যার ফলে জল জমার আশঙ্কা রয়েছে।

ভারী বৃষ্টির পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

ঝোড়ো হাওয়ার সতর্কতা

উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতি ২৮ জুলাই সকাল পর্যন্ত বজায় থাকতে পারে।

সমুদ্র থাকবে উত্তাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। তাই ২৯ জুলাই পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কোনও মৎস্যজীবীকে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও ২৮ জুলাই পর্যন্ত না যাওয়ার নির্দেশ রয়েছে।

আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এই গভীর নিম্নচাপের প্রভাবে গাছ উপড়ে পড়তে পারে। কাঁচা বাড়িঘরের ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষিজমি ও ফসলের ক্ষতি হতে পারে। শহর ও গ্রামে জল জমে স্থানীয় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সড়ক ও রেল পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে সমস্যা হতে পারে।

Advertisement

হড়পা বন্যার আশঙ্কা

পরবর্তী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের কিছু এলাকায় হড়পা বন্যার ঝুঁকি রয়েছে। নিম্ন থেকে মাঝারি মাত্রার বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে নদী-নালা ও নিচু এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, আজ ও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল থাকার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
 

POST A COMMENT
Advertisement