শুক্রবারও তুমুল বৃষ্টি একাধিক জেলায় (ছবি: পিটিআই)বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই স্থলভাগে এন্ট্রি নিয়েছে। সেটি এখন উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশার উপর অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা পেরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার কথা নিম্নচাপটির। তবে এখনও এই গভীর নিম্নচাপের প্রভাব কাটেনি। এমন পরিস্থিতিতে প্রশ্ন হল, কেমন থাকবে শুক্রবারের আবহাওয়া? আজও কি বৃষ্টি হবে? আর আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুক্রবার, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বৃষ্টি। তবে শনিবার থেকে উন্নতি হতে পারে পরিস্থিতির।
কোথায় রয়েছে নিম্নচাপ?
আবহাওয়ার লেটেস্ট আপডেট বলছে, গভীর নিম্নচাপটি গত ঘণ্টায় প্রায় ১০ কিমি গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে। সেটি বর্তমানে কোরাপুট থেকে প্রায় ৪০ কিমি দূরে উত্তর ও পূর্বে অবস্থান করছে। এছাড়া পার্বতীপুরম থেকে প্রায় ৬০ কিমি উত্তর-পশ্চিমে করছে অবস্থান। আর ওড়িশার ভবানীপটনা থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে রয়েছে এটি।
যতদূর খবর, এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলবে এটি। তখন এটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে যাবে।
বৃষ্টি কমবে না দক্ষিণবঙ্গে
ধীরে ধীরে এই নিম্নচাপের শক্তি কমেছে। কিন্তু বৃষ্টি থেকে রেহাই আজই মিলবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাদের দাবি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কোথায় কোথায় দুর্যোগ বেশি?
এই বিষয়টাও খোলসা করে জানিয়েছে হাওয়া অফিস। তাদের দাবি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ব্যাপক বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও শুক্রবার সকালের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
কবে কমবে বৃষ্টি?
আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ওই দিন কোনও অ্যালার্ট জারি নেই। তাই সপ্তাহের শেষে যে পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে, এটা পরিষ্কার।
ওদিকে সমুদ্র এখনও উত্তাল রয়েছে। যেই কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে জারি করা হয়েছে।
উত্তরববঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গেও বর্ষণ কমবে। তবে ওইদিনও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে।