Chorbagan Stampede: চোরবাগানে মণ্ডপের ভিতরেই কি ঘটেছিল পদপিষ্টের ঘটনা? মুখ খুললেন SIT প্রধান

চোরবাগান দুর্গাপুজোয় ১৯ জনের মৃত্যু হয়েছে। কেন ঘটল এই দুর্ঘটনা? কোথায় ঘটেছে পদপিষ্টের ঘটনা? কতদিনের মধ্যে রিটার্ন মিলবে? জেনে নিন কী বলছে সিট।

Advertisement
চোরবাগানে মণ্ডপের ভিতরেই কি ঘটেছিল পদপিষ্টের ঘটনা? মুখ খুললেন SIT প্রধানচোরবাগানে পদপিষ্টের ঘটনা (ছবি: এএফপি)
হাইলাইটস
  • চোরবাগান দুর্গাপুজোয় ১৯ জনের মৃত্যু হয়েছে
  • কেন ঘটল এই দুর্ঘটনা?
  • কোথায় ঘটেছে পদপিষ্টের ঘটনা?

দুর্গাপুজোর বিরাট বিপর্যয়ের সাক্ষী হয়েছে কলকাতা। চোরবাগানের দুর্গাপুজোয় ১৯ জনের মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন হল, কেন সেই রাতে এমন দুর্ঘটনা ঘটল? কেন পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৯ জনের? দুর্ঘটনা কি মণ্ডপের মধ্যেই ঘটেছে? আর বিষয়টা নিয়ে মুখ খুলেছেন তদন্তকারী দলের (সিট) প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তিনি জানান, মণ্ডপে আলো ছিল কম। প্রবেশ ও বেরনোর রাস্তা সরু ছিল। এর ফলে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমলে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল। 

গত ১৭ অক্টোবর চোরবাগানের ওই পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। আহত হন ২৫ জন। বৃহস্পতিবার সেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিচারপতি সরস্বতী। তারপর জানান, তদন্তের আওতায় কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ভূমিকাও খতিয়ে দেখা হবে।

ঘটনার দিন যে সময়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল, প্রায় সেই একই সময়ে মণ্ডপ পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'প্রচুর মানুষ ঢুকলে যে এমন ঘটনা ঘটবে, এটা স্পষ্ট।'

কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা ছয় সদস্যের SIT-এর চেয়ারপার্সন সরস্বতী জানান, পুলিশ আধিকারিকরা তাঁকে জানিয়েছেন, মণ্ডপে এমার্জেন্সি এক্সিটের একটি পথ ছিল। কিন্তু দুর্ঘটনার সময় সেটি বন্ধ ছিল।

তিনি আরও বলেন, 'ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের সঙ্গে কথা বলবে সিট। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে উদ্ধারকাজে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজও। সেটাও খতিয়ে দেখা হবে। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল কি না, সেটাও যাচাই হবে।'

অবসরপ্রাপ্ত বিচারপতি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মণ্ডপটিকে বর্তমান অবস্থাতেই রাখতে হবে। তদন্তের কাজে যাতে কোনও অসুবিধা না হয়, তাই এই সিদ্ধান্ত।

তবে মণ্ডপের কাঠামোর কোনও ক্ষতি না করে প্রতিমা নিরঞ্জন করা যেতে পারে। এমনটাও জানান তিনি।

কোথায় ঘটেছে পদপিষ্ট হওয়ার ঘটনা?
অনেকেই দাবি করছেন, পদপিষ্ট হওয়ার ঘটনা মণ্ডপের ভিতরে ঘটেছিল। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন সরস্বতী। তিনি জানিয়েছেন, মণ্ডপের ভিতরে নয়, বরং বেরনোর গেটের সামনে ঘটেছিল দুর্ঘটনা। তাঁর কথায়, বিপুল ভিড়ের কথা মাথায় রাখলে এন্ট্রি ও এক্সিটের জন্য বরাদ্দ জায়গা যথেষ্ট ছিল না বলেই মনে হয়েছে।

Advertisement

পদপিষ্ট হওয়ার ঘটনার ঠিক আগে পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা মাইকে ঘোষণা করা ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখবে সিট।

অভিযোগ, ওই ব্যক্তি বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের কারণে মণ্ডপ ভেঙে পড়তে পারে বলে ঘোষণা করেছিলেন। এমনকী দ্রুত দর্শনার্থীদের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলেন। আর বৃহস্পতিবার তাঁকে আটক করে পুলিশ।

এদিন সরস্বতীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ডিরেক্টর জেনারেল জাভেদ শামিম। সরস্বতী জানান, প্রবেশ ও বেরনোর পথ সরু হওয়ার বিষয়টি মাথায় রেখে পুলিশ ও দমকলের দেওয়া অনুমতিও খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, 'ঘটনাস্থলের একটি নকশা তৈরি করা হচ্ছে। সেটিও খতিয়ে দেখা হবে।'

এর আগে সিট-এর কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফরেন্সিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সিট-এর সুপারিশ প্রকাশ্যে আনা হবে। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিট-কে। তারপরই নেওয়া হবে ব্যবস্থা। 

 

POST A COMMENT
Advertisement