Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে চড়ছে পারদ, মার্চের শুরুতেই খামখেয়ালি আবহাওয়া

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা। দোলে গরমে হাঁসফাঁস দশা হতে চলেছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শহরের তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। কেমন থাকবে মার্চের আবহাওয়া?

Advertisement
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে চড়ছে পারদ, মার্চের শুরুতেই খামখেয়ালি আবহাওয়াদোলে কেমন থাকবে আবহাওয়া?
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা
  • অথচ উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস
  • কলকাতায় দোলে কেমন থাকবে আবহাওয়া?

ভোরের দিকে হাল্কা শীতের আমেজ থাকলেও বেলা গড়াতে না গড়াতেই হাঁসফাঁস গরম। গত কয়েকদিন ধরে শহরবাসী আবহাওয়ার এমন খামখেয়ালিপনাই প্রত্যক্ষ করছে। আর এর জেরে বাড়ছে জ্বর-সর্দি-কাশি। জেলায় জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ফলে বসন্ত উৎসবের দিন আবহাওয়া যে খুব একটা আরামদায়ক হবে না, তা সহজেই অনুমেয়। দোলের দিন কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের আবহাওয়া 
আলিপুর আবহাওয়া দফতর বলছে, রাজ্যে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। রাত এবং ভোরের দিকের শিরশিরানি ভাবও মিলিয়ে যাবে মার্চের শুরুতেই। যদিও উত্তরবঙ্গে আরও কয়েকটা দিন ঠান্ডার আমেজ থাকবে। রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য এলাকার কয়েকটি জেলায়। পাহাড়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার সর্বত্র হবে না। দার্জিলিঙের পাহাড়ে তুষারপাতের পূর্বভাস রয়েছে। রবিবার ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। তবে তারপর থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের তাপমাত্রাও বাড়বে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অর্থাৎ মার্চের শুরুতেই হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হবে। দোলের দিন শীতের রেশটুকুও আর থাকবে না দক্ষিণবঙ্গে। 

কলকাতায় ৩৫ ডিগ্রি চড়বে পারদ?
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় স্বাভাবিকের থেকে বেড়ে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার ভোরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেড়ে হল ২৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চের প্রথম সপ্তাহেই কলকাতার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর। 

 

POST A COMMENT
Advertisement