আজ কেমন থাকবে আবহাওয়া?ধীরে ধীরে এগিয়ে এসেছে শক্তিশালী নিম্নচাপ। যার জেরে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। এমনকী ভালই ভিজতে পারে কলকাতাও। সেই সঙ্গে ঝড়ের দাপট বাড়তে পারে।
আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী, সোমবারের মধ্যেই এটি পূর্ব মেদিনীপুর উপকূল অতিক্রম করে যাওয়ার কথা। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্বাবনা রয়েছে। তবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকতে পারে।
কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা?
যতদূর খবর, আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব দেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও দুই দিন পর থেকেই বৃষ্টির দাপট অনেকটাই কমে যাওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কী হবে?
আজ ভোর থেকেই কলকাতার আকাশে মেঘলা। হালকা ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছে। তবে এখনও বৃষ্টির তেমন একটা দাপট নেই বললেই চলে। যদিও পরিস্থিতি যে কোনও সময় বদলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, আজ কলকাতাতেও হালকা থেক মাঝারি বৃষ্টি হতে পারে। তাই আজ অফিসে যাওয়ার আগে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। নইলে নিশ্চিত ভিজতে হবে।
কোথায় কোথায় দমকা হাওয়া?
আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আজ একাধিক জেলায় দমকা হাওয়ার দাপট থাকতে পারে। বিশেষত, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া দমকা হওয়ার দাপট সইতে হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়াকেও। এই সব জেলাতেও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের জন্য আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। গোটা সপ্তাহই এই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
উত্তরবঙ্গী কী হবে?
এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম রয়েছে। তবে আজ থেকে থেকে আবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।